গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ভেতর থেকে স্টার খুঁজে বের করবে ভাটিকা হেয়ার অয়েল। এরই মধ্যে এ অনুষ্ঠানের প্রচারণামূলক বিজ্ঞাপন নির্মাণ হয়েছে।
বিজ্ঞাপনটি নির্মাণ করছেন মাহমুদুল হাসান আদনান। তিনি দীর্ঘদিন মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে সহকারী হিসেবে কাজ করেছেন।
২ মে মিরপুরের কোক স্টুডিওতে বিজ্ঞাপনটির শ্যুটিং হয়েছে। এতে মডেল হয়েছেন রিফা নানজিবা। এ বিষয়ে নির্মাতা আদনান বলেন, ‘আমি এখন পর্যন্ত যে কাজগুলো করেছি, সেগুলোতে পূর্ণাঙ্গ একটি গল্প উপস্থাপন করতে চেয়েছি। আমার কাছে থিমনির্ভর গল্প বলতে ভালো লাগে। ভরপুর গ্ল্যামারাস এই বিজ্ঞাপনেও তার ব্যতিক্রম হবে না। আমরা সবাই মিলে চেষ্টা করেছি আলাদা কিছু করার।’
জানা গেছে, ভাটিকা ক্যাম্পাস স্টারের বিচারক যারা থাকবেন, তারা দেশের বিভিন্ন ক্যাম্পাস ঘুরে স্টার খুঁজে বের করবেন। তাদের যে দিকগুলো সাধারণভাবে বিবেচনা করা হবে সেগুলো হলো- নাচ, গান, অভিনয় ও বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি তার শিল্পচর্চা ও মননশীলতার জায়গা। চলতি মাসের শেষের দিকে বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হবে।