রাজধানীর গাবতলী মাজার রোড এলাকায় অভিযান চালিয়ে ৫৬ রাউন্ড গুলি ও রিভলবারসহ দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির স্পেশাল অ্যাকশন গ্রুপ।
রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মির্জা বাশার বেগ (৫৫) ও আবু জাফর মো. রেজাউল করিম ওরফে মুকুল (৫৩)।
বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, শনিবার গাবতলী মাজার রোডে কয়েকজন লোক অবৈধ আগ্নেয়াস্ত্র-গুলি বিক্রয়ের জন্য অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে কাউন্টার টেররিজম ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপ অভিযান চালায়। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬ টায় মাজার রোডের নিউ ক্যাফে ধানসিঁড়ির সামনে মির্জা বাশার বেগের দেহ তল্লাশি করে ৬ রাউন্ড গুলি ভর্তি একটি .৩২ বোরের রিভলবার ও রেজাউল করিম এর দেহ তল্লাশি করে ৫০ রাউন্ড ৭.৬৫ বোরের গুলি উদ্ধার করে জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আগ্নেয়াস্ত্র-গুলি বেচাকেনার সঙ্গে জড়িত অন্যরা পালিয়ে যায়।
এ বিষয়ে দারুস সালাম থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। পলাতক অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।