শ্রীলঙ্কা থেকে বাংলাদেশিসহ ২০০ মুসলিম আলেম বহিষ্কৃত

শ্রীলঙ্কায় ইস্টার সানডের প্রার্থনায় ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ২০০ মুসলিম আলেমসহ মোট ৬০০ বিদেশি নাগরিককে বহিষ্কার করেছে দেশটির সরকার। বহিষ্কৃতদের মধ্যে বাংলাদেশের ছাড়াও ভারত, মালদ্বীপ এবং পাকিস্তানের আলেম রয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, রবিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ভাজিরা আবেওয়ার্ধানে সাংবাদিকদের এই বহিষ্কারের কথা জানান।

ভাজিরা জানান, মুসলিম ওই আলেমেরা বৈধভাবেই শ্রীলঙ্কায় প্রবেশ করেছিল। কিন্তু বোমা হামলার পর অনেক আলেমকেই ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও শ্রীলঙ্কায় থাকতে দেখা যায়। ফলে তাদের ওপর জরিমানা আরোপ করে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও বলেন, বোমা হামলার প্রেক্ষিতে এখন থেকে শ্রীলঙ্কা সরকার কোনো বিদেশি ধর্মীয় শিক্ষককে ভিসা দেওয়ার ক্ষেত্রে অধিকতর যাচাই বাছাই করবে। পাশাপাশি দেশটিতে খুব জলদিই নতুন ভিসা ব্যবস্থা প্রণয়ন করা হবে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী জানান।

তবে বহিষ্কৃত নাগরিকেরা কোন কোন দেশের সে বিষয়ে তথ্য দেননি মন্ত্রী। তবে পুলিশ বলছে, হামলার মধ্যে ভিসা শেষ হয়ে যাওয়ার পরেও যেসকল বিদেশিরা অবস্থান করছিলেন তাদের মধ্যে বাংলাদেশ, ভারত, মালদ্বীপ এবং পাকিস্তানের নাগরিকিই বেশি।

শ্রীলঙ্কায় বহুদিন ধরেই বাইরের দেশ থেকে বিভিন্ন ধর্মের শিক্ষকেরা আসেন সভা-সেমিনার কিংবা কর্মশালায় অংশ নিতে। দেশটির সরকার এখন থেকে এ বিষয়ে কঠোর অবস্থান নেবে বলেও জানা যায়।

গত ২১ এপ্রিল দেশটির খ্রিস্টান ধর্মাবলম্বীদের ওপর আত্মঘাতী এ হামলায় নিহত হন ২৫৩ জন মানুষ। আহত হন আরও ৫০০ জন।

এদিন তিনটি গির্জা এবং তিনটি হোটেলে এক যোগে মোট ছয়টি বিস্ফোরণ ঘটে। একইদিন আরও দুই জায়গায় হামলার ঘটনা ঘটে।

স্থানীয় মুসলিম মৌলবাদী সংগঠন ন্যাশনাল তাওহীদ জামায়াতকে (এনটিজে) এ হামলার জন্য দায়ী করে শ্রীলঙ্কা সরকার। পরবর্তীতে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস এ সন্ত্রাসী হামলার দায় স্বীকার করে। এনটিজে-কে দিয়েই এ হামলা চালায় আইএস। তবে ভয়াবহ হামলার পেছনে আরও কয়েকটি গোষ্ঠী দায়ী বলে দাবি করে পুলিশ।