শিশু খালাকে ‘ধর্ষণের পর’ চরে পুঁতে রাখল ভাগনে

বাগেরহাটে লামিয়া আক্তার ফারিয়া নামে খালের চরে পুঁতে রাখা ছয় বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ সময় শিশুটিকে ধর্ষণ ও হত্যায় জড়িত সন্দেহে তার চাচাতো বোনের ছেলে মিনহাজুল ইসলাম শোয়েবকে (১৮) আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।

রোববার সন্ধ্যা ৭টার দিকে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পাতিলাখালী গ্রামের দিঘিরজান খালের চরে পুঁতে রাখা অবস্থায় শিশু লামিয়ার মরদেহের সন্ধান পায় গ্রামবাসী।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ ও গ্রামবাসী ধারণা করছে।

শিশু ফারিয়া আক্তার বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পাতিলাখালী গ্রামের ওমর আলী শেখের মেয়ে ও স্থানীয় কোন্ডলা বড়–বিবি দাখিল মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী।

আটক মিনহাজুল ইসলাম শোয়েব পিরোজপুর জেলার নামাজপুর গ্রামের বাসিন্দা। শোয়েব তার নানা বাড়ি পাতিলাখালী গ্রামে থেকে পড়ালেখা করছিল।

সে চলতি শিক্ষাবর্ষে পাতিলাখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। মিনহাজুল ইসলাম শোয়েব নিহত লামিয়া আক্তারের সম্পর্কে ভাগনে হয়।

গোটাপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোল্লা হায়দার আলী রাতে এই প্রতিবেদককে বলেন, রোববার বিকেল ছয়টা থেকে পাতিলাখালী গ্রামের ওমর আলীর ছয় বছর বয়সী মেয়ে লামিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ সময় এক প্রতিবেশী ওমর আলীর নাতি মিনহাজুল ইসলাম শোয়েব লামিয়াকে কোলে করে বাড়ির পাশের একটি খাল পার হতে দেখেছেন বলে জানান।

তিনি জানান, এরপর গ্রামবাসী নিখোঁজ লামিয়া আক্তার ফারিয়াকে দিঘিরজান খালের চরে কাদায় পুঁতে রাখা অবস্থায় দেখতে পায়। এ সময় গ্রামবাসী খালের পাড়ে একটি গর্ত খোঁড়াও দেখতে পায়। শোয়েব শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে বলে গ্রামবাসীর ধারণা।

গ্রামবাসীর সন্দেহ হওয়ায় শোয়েবকে আটক করে পুলিশে দিয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, শিশুটিকে হত্যায় জড়িত সন্দেহে নিকট আত্মীয় শোয়েবকে আটক করে পুলিশের কাছে দিয়েছে। শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা।

তিনি জানান, পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ডাক্তারি পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।