ধানমণ্ডির একটি বাসায় জাল ড্রাইভিং লাইসেন্স ও স্মার্টকার্ড তৈরির কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরের একটি দল। গতকাল রবিবার সকালে ধানমণ্ডির মধুবাগের একটি বাসার ষষ্ঠতলার ওই কারখানা থেকে তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো মোস্তফা কামাল জয় (৩৮), তার স্ত্রী শাম্মী আনসারী ও শাম্মীর বোন সাদিয়া (২৩)।
ডিবি উত্তরের উপকমিশনার মশিউর রহমান দেশ রূপান্তরকে বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে নিখুঁতভাবে জাল ড্রাইভিং লাইসেন্স, সার্টিফিকেট, ব্লুবুক, স্মাটকার্ড তৈরি করে বিক্রি করত। জয় লোকজনের কাছ থেকে টাকা নিয়ে ওই বাসায় বসে কম্পিউটারে এসব বানাত। আর তাকে এ কাজে সহায়তা করত স্ত্রী ও শ্যালিকা। দালালরা তাদের কাছ থেকে জাল লাইসেন্স ৭০০-৮০০ টাকায় কিনে ৫-৬ হাজার টাকায় বিক্রি করত। বাসাটি থেকে বেশকিছু জাল ড্রাইভিং লাইসেন্স, ব্লুবুক, স্মার্টকার্ড ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়। এই চক্রে জড়িত অন্যদের ধরতে অভিযান শুরু হয়েছে।
ডিবি সহকারী কমিশনার সুমন কান্তি চৌধুরী বলেন, ‘ওই বাসা ভাড়া নিয়ে তারা সাত-আট বছর ধরে অবৈধ এই কারবার চালিয়ে আসছিলা।’