ডাবলিনে ক্যারিবীয় ঝড়

উফ, স্বস্তি পেলেন বুঝি গেইল আর স্যামুয়েলস। ২০১৫ বিশ্বকাপে তাদের গড়া ওয়ানডেতে সর্বোচ্চ ৩৭২ রানের জুটির রেকর্ড ভেঙেই ফেলেছিলেন শেই হোপ আর জন ক্যাম্পবেল। পারেননি ৭ রানের জন্য। ডাবলিনের রেকর্ডের দিনে আইরিশ বোলারদের নাস্তানাবুদ করে উদ্বোধনী জুটিতে ৩৬৫ রান তুলেছেন এই দুই ক্যারিবিয়ান ওপেনার। ওয়ানডের এক ইনিংসে দুই ব্যাটসম্যানের দেড় শতাধিক রানের ইনিংসও খেলেছেন দুজনে। কিন্তু পারেননি গেইল-স্যামুয়েলসের রেকর্ডটি ভাঙতে।

তাদের বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ৩ উইকেট হারিয়ে ৩৮১ রান তোলে উইন্ডিজ। যে লক্ষ্য তাড়া করে জেতা আয়ারল্যান্ডের জন্য একপ্রকার অসম্ভব ছিল। সেটাই হয়েছে। ৩৪.৪ ওভারে মাত্র ১৮৫ রানে গুটিয়ে গিয়েছে স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ করেন কেভিন ও’ব্রায়েন। ৪ উইকেট নেন উইন্ডিজ স্পিনার অ্যাশলে নার্স। এতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবীয়রা ১৯৬ রানের বিশাল জয় পেয়েছে। ম্যাচসেরা হয়েছেন ক্যাম্পবেল। অবশ্য বিশ্বকাপ দলে ডাক পাননি এই ওপেনার। এই ইনিংসের পর তাকে নিয়ে আলোচনা হতেই পারে।

হোপ-ক্যাম্পবেল উদ্বোধনী জুটিতে গড়েছেন সর্বোচ্চ রানের নুতন বিশ্বরেকর্ড। ভেঙেছেন গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের ইমাম-উল-হক এবং ফখর জামানের গড়া ৩০৪ রানের রেকর্ড। তাদের যুগলবন্দির রান উৎসবে এক দিনের ক্রিকেটে তিনশোর বেশি রানের জুটির সংখ্যাও বেড়ে হয়েছে পাঁচ। 

ক্যাম্পবেল ১৭৯ রানে আউট হলে ভাঙে জুটি। চার বলের মধ্যে সতীর্থ হোপ আউট হন ১৭০ রান তুলে। ১৩৭ বলের ইনিংসে ক্যাম্পবেল ১৫টি বাউন্ডারি আর ৬টি ছক্কা হাঁকিয়েছেন। শেষ ১০ ওভারে উইন্ডিজ তোলে ১২২ রান। ৩৫ ওভারের সময় দুই ওপেনার সেঞ্চুরি করেন। সে সময় উইন্ডিজের রান ছিল বিনা উইকেটে ২১৫।