দেশব্যাপী শেখ কামাল অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে ৫০ জন ফুটবল প্রতিভা বেছে নিয়েছে বাংলাদেশ বিভাগীয় ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (বিডিডিএফএ)। এ প্রতিভাবানদের নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা করবে আজ। তার আগে গতকাল পুরুষদের মতো নারীদের প্রতিভা অন্বেষণের ঘোষণা এসেছে সংগঠনটির মহাসচিব তরফদার রুহুল আমিনের কাছ থেকে। ঈদুল ফিতরের পর চট্টগ্রাম থেকে শুরু হবে এই কার্যক্রম।
২০১৭ সালের শেষদিকে জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলোকে নিয়ে গঠিত হয়েছিল বিডিডিএফএ। সভাপতি চট্টগ্রামের মেয়র আ জ ম নাসির ও মহাসচিব তরফদার রুহুল আমিন। বাফুফের সহায়তা না নিয়েই দেড় বছরে বেশকিছু কার্যক্রম হাতে নেয় সংগঠনটি। জেলাগুলোতে ফুটবল নিয়মিতকরণের ব্যবস্থা নেয় তারা। তাদের আর্থিক পৃষ্ঠপোষকতায় ৪৩টি জেলা গত বছর লিগ সম্পন্ন করেছে। এরপর আটটি বিভাগে বাছাই কার্যক্রম শুরু করে তারা গত বছর অক্টোবরে। ৬৪টি জেলা থেকে ১০ জন করে অনূর্ধ্ব-২০ বয়সী ফুটবলার বেছে নিয়ে আটটি বিভাগে চলে দেড় মাসব্যাপী প্রশিক্ষণ। লাইসেন্সধারী তবে বাফুফের সঙ্গে সংশ্লিষ্ট নন, এমন ২৪ জন তৃণমূলের কোচ দিয়ে পরিচালিত হয় এই ক্যাম্প। এরপর আটটি বিভাগীয় দল গঠন করে হয়েছে টুর্নামেন্ট।
গত ২৭ এপ্রিল আসরের ফাইনালে খুলনা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী। এই টুর্নামেন্ট থেকে সেরা ৫০ ফুটবলারকে বেছে নিতে কাজ করেছেন ছয়জন সাবেক তারকা ফুটবলার, যাদের নেতৃত্বে ছিলেন জাতীয় দলের সাবেক কোচ হাসানুজ্জামান খান বাবলু। বাছাইকৃত এই ৫০ ফুটবলারকে আজ একটি অনুষ্ঠানের মাধ্যমে পরিচয় করে দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে দীর্ঘমেয়াদি একটি চুক্তি করা হবে সংগঠনটির পক্ষ থেকে। এই ফুটবলারদের গড়ে তোলার দায়িত্বও নেবে বিডিডিএফএ। ‘বাছাইকৃত এই প্রতিভাবানদের গড়ে তুলব আমরা। ভবিষ্যতে এরাই বিভিন্ন ক্লাবের হয়ে খেলবে এবং ধীরে ধীরে জাতীয় দলে প্রবেশ করবে। তৃণমূলের পাইপলাইনটা মসৃণ করতেই এটা করছি আমরা’ বলছিলেন বিডিডিএফএ’র মহাসচিব তরফদার রুহুল আমিন।
গত বছর এই সংগঠক বাফুফের আসন্ন নির্বাচনে সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তারও আগে থেকে ফুটবলের নানা পর্যায়ে পৃষ্ঠপোষণা করেছে তার প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। সভাপতি পদে নির্বাচনের ঘোষণার পর থেকেই বাফুফে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে তার সঙ্গে। তবে ভিন্ন দুটি ফোরামকে সঙ্গে নিয়ে ফুটবলের জন্য কাজ করে চলছেন রুহুল আমিন। জেলাগুলোর পৃষ্ঠপোষকতার পাশাপাশি মাস দুই আগে তাকে নির্বাচিত করা হয়েছে ক্লাব ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে। বাফুফের নির্বাচন এখনো ১১ মাসের বেশি সময় বাকি। তার আগে থেকেই ফুটবল নিয়ে কাজ করা রুহুল আমিন আগ্রহ দেখিয়েছেন মেয়েদের নিয়েও দেশব্যাপী প্রতিভা অন্বেষণের, ‘ঈদের পর চট্টগ্রাম থেকে আমরা মেয়েদের নিয়ে একই আদলে দেশব্যাপী কার্যক্রম শুরু করব। ছেলেদের মতো মেয়েদের ফুটবল নিয়ে আমাদের ভালো সম্ভাবনা আছে। আশা করছি আমাদের এই কার্যক্রমের মধ্য দিয়ে অনেক প্রতিভাবান নারী ফুটবলার বেরিয়ে আসবে।’
রুহুল আমিন দাবি করেন, নির্বাচনের প্রচার পেতে তিনি এসব কর্মকা- হাতে নেননি, ‘এটাকে আপনারা নির্বাচনের প্রচার হিসেবে নেবেন না। আসলে আমরা কাজ করছি ভগ্নপ্রায় ফুটবলকে বাঁচাতে। তৃণমূল থেকে ফুটবলার তুলে আনতে চাই আমরা।’