চার ফোন কোম্পানির কাছে পাওনা ১৫ হাজার কোটি টাকা আদায়ের সুপারিশ

দেশের চার মোবাইল ফোন অপারেটর কোম্পানির কাছে বকেয়া ১৫ হাজার ৬০০ কোটি টাকা দ্রুত সময়ের মধ্যে আদায়ের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। গতকাল রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের গত পাঁচ বছরের অর্জন ও আগামী পাঁচ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ এবং মন্ত্রণালয়ের প্রধান ১০টি চ্যালেঞ্জ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। মোবাইল ফোন কোম্পানিগুলোর কাছে পাওনা প্রসঙ্গে কমিটির সভাপতি রেজোয়ান আহম্মেদ তৌফিক দেশ রূপান্তরকে বলেন, এ বিশাল অঙ্কের বকেয়া মনে হয় আর কোনো দেশে নেই। বকেয়া টাকা দ্রুত আদায়ের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। তিনি জানান, বৈঠকের কার্যপত্রে ১০টি চ্যালেঞ্জ তুলে ধরা হয়েছে।
জানা গেছে, কমিটি সারা দেশে নতুন প্রজন্মের চাহিদার প্রেক্ষিতে জ্ঞানভিত্তিক প্রযুক্তিনির্ভর কর্মমুখী শিক্ষাব্যবস্থা-সংক্রান্ত প্রকল্প গ্রহণের সুপারিশ করে। এছাড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন রুগ্ণ প্রতিষ্ঠানগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে উত্তরণের কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। টেলিযোগাযোগ খাতে ফোন কোম্পানিগুলোর কাছ থেকে ওই পাওনা আদায়সহ ১০টি চ্যালেঞ্জ ‘শনাক্ত’ করে কমিটি। বৈঠকে কমিটির সদস্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেনজীর আহমদ, ফাহমী গোলন্দাজ বাবেল, আহমেদ ফিরোজ কবির, মো. নুরুল আমিন, মনিরা সুলতানা, জাকিয়া পারভীন খানম ও অপরাজিতা হক অংশ নেন।