ভালো ক্রিকেট খেলেনি তাই হেরেছি: লিটন দাস

রান সহায়ক উইকেট। লক্ষ্য ৩০৮ রান হলেও খুব কঠিন কিছু ছিল না। এরপরও ৮৮ রানে হার! তাও আবার ‘এ’ দল আয়ারল্যান্ড উলভসের কাছে। ত্রি-দেশীয় সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলের এমন পরাজয়ের পরিষ্কার কোনো ব্যাখ্যা দিতে পারলেন না ওপেনিং ব্যাটসম্যান লিটস দাসও।

অকটপে স্বীকার করলেন মান অনুযায়ী খেলতে না পারার কারণেই এমন হার। রোববার ম্যাচ শেষে লিটন বলেন, “উইকেট এবং মাঠ অনুযায়ী লক্ষ্য খুব বেশি ছিল না। আমরা ভালো ক্রিকেট খেলিনি তাই হেরেছি। জিততে পারলে প্রস্তুতিটা আরও ভালো হতো। তবে সব মিলিয়ে খারাপ হয়নি।”

ডাবলিনের হিলস ক্রিকেট ক্লাব মাঠে আকাশে মেঘের আনাগোণা ছিল দিনভর। বাতাস ছিল কনকনে ঠাণ্ডা। ঘাসে ভরা উইকেট। আকারে ছোট মাঠটিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে আট উইকেটে ৩০৭ রান করে আয়ারল্যান্ড উলভস। জবাবে বাংলাদেশ গুটিয়ে যায় ২১৯ রানে।

ম্যাচটিতে জিততে না পারলেও বাংলাদেশ দলের প্রস্তুতিটা ভালোই হয়েছে বলে মনে করেন লিটন। ম্যাচটিতে লক্ষ্যণীয় বিষয় ছিল বাংলাদেশের বেশিরভাগ খেলোয়াড়ই আউট হয়েছেন উড়িয়ে মারতে গিয়ে। এটার অবশ্য ব্যাখ্যা দিয়েছেন লিটন, “যেহেতু ছোট মাঠ। ছয় মারার চেষ্টা করেছি।”