অনলাইনে ভিডিও দেখার মাধ্যম নেটফ্লিক্সে আত্মহত্যা বিষয়ক একটি শো দেখতে দেখতে নিজেকে বলি দিয়েছে ইংল্যান্ডের ১২ বছর বয়সী এক কিশোরী।
মিরর জানিয়েছে, ‘আমার আত্মহত্যার ১৩ কারণ’ শিরোনামের একটি নাটক দেখছিল জেসিকা স্ক্যাটারসন নামের ওই কিশোরী। সেটি দেখতে দেখতে সে নিজেও আত্মহত্যার দিকে পা বাড়ায়।
জেসিকা তার মাকে অনুষ্ঠানের বিষয়ে আগেই অবগত করেছিল। তার মা জানিয়েছেন, ‘জেসিকা বান্ধবীকে নিয়ে ওই অনুষ্ঠান দেখার পর আত্মহত্যার ছয়টি কারণ লিস্ট করে।’
অনুষ্ঠানটি নিয়ে বিতর্ক বেশ পুরোনো। জেসিকার মা এটি বন্ধের দাবি জানিয়েছেন, ‘এই অনুষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত। আমি এর কারণে আমার মেয়েকে হারিয়েছি।’
জেসিকা আত্মহত্যা করে তার ১৩তম জন্ম দিনের ঠিক দুই রাত আগে। শোয়ার ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। বিছানায় পাওয়া যায় সুইসাইড নোট।
নেটফ্লিক্সের বিতর্কিত ওই অনুষ্ঠানটি ২০১৭ সালের মার্চে শুরু হয়। তার তিন সপ্তাহ পর জেসিকা মারা যায়। তার মা রোববার মেয়ের মৃত্যুর জন্য ওই অনুষ্ঠানকে দায়ী করে বিবৃতি দিয়েছেন।