দিনাজপুর বোর্ডে গণিতে ভরাডুবি

দিনাজপুর শিক্ষা বোর্ডে ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে। তবে কমেছে জিপিএ-৫। এবারে গড় পাসের হার ৮৪.১০ শতাংশ। যা গতবার ছিল ৭৭.৬২ শতাংশ।

সোমবার বেলা ১২টায় দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করে দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান সাংবাদিকদের জানান, “বিগত বছরের তুলনায় এবার দিনাজপুর বোর্ডে ফলাফল ভালো হয়েছে। তবে এবার দিনাজপুর শিক্ষাবোর্ডে  অধিকাংশই গণিতে ফেল করেছে। গণিতে অকৃতকার্য হয়েছে ২৪ হাজার ৯১০ জন শিক্ষার্থী।

যারা প্রশ্ন ও উত্তরপত্র তৈরি করেছে তারা বিশেষভাবে প্রশিক্ষিত। ফলে শিক্ষার্থীদের জন্য প্রশ্ন কঠিন হয়েছে। তাই আগামী দিনে ছাত্রদেরকে গড়ে তুলতে গণিত বিষয়ের শিক্ষকদের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

এ সময় তিনি বলেন, “গ্রামাঞ্চলের স্কুলগুলোতে গণিতে বিশেষ গুরুত্ব দিতে হবে। বেশির ভাগ গ্রামঞ্চলের শিক্ষার্থীরাই গণিতে ফেল করে।”

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় ১ লাখ ৯৭ হাজার ৫৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৬৬ হাজার ১৩৫ জন। এদের মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৭৩২ জন ছাত্র ও ৯৫ হাজার ৮১৪ জন ছাত্রী। গড় পাসের হার ৮৪. ১০ শতাংশ।

বোর্ডে এবার ছাত্রদের পাসের হার ৮২.৬৩ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৮৫.৬৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ২৩ জন। যা গতবার ছিল ১০ হাজার ৭৫৫ জন।

এবার এসএসসি পরীক্ষায় শতভাগ পাসকৃত বিদ্যালয়ের সংখ্যা ১৩৮টি। যা গতবার ছিল ৮৪টি। আর কেউই পাস করেনি এমন বিদ্যালয় রয়েছে একটি।