‘নিচুজাতের’ ছেলেকে বিয়ে করায় মেয়েকে পুড়িয়ে হত্যা

নিচুজাতের ছেলেকে বিয়ে করায় মেয়েকে পুড়িয়ে মারল পরিবার। তার স্বামীকেও আগুনে মারার চেষ্টা করা হলে তিনি বেঁচে যান। গত সপ্তাহে ভারতের আহমেদনগরে এ ঘটনা ঘটে।

সোমবার এক প্রতিবেদনে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ১৯ বছর বয়সী রুক্ষিনী প্রেম করে বিয়ে করেন নিচুজাতের ২৩ বছরের তরুণ মঙ্গেশ রণসিংহকে।

এ বিয়ে মেনে নিলে সমাজে সম্মানহানির আশঙ্কায় রুক্ষিণীর পরিবার দুজনকেই আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা চালায়।

এতে গুরুতর জখম অবস্থায় দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রবিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুক্ষিনী। তার শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়।  তার স্বামী মঙ্গেশের পুড়ে যায় ৫০ শতাংশ। তবে তিনি ভাগ্যক্রমে বেঁচে যান।

পুলিশ জানায়, এ ঘটনায় রুক্ষিনীর দুই চাচাকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়ের বাবা পালিয়ে গেলেও তাকে আটকের চেষ্টা চালানো হচ্ছে।