কাপ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে আয়াক্স

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল দ্বিতীয় লেগের আগে দারুণ সুখবর আয়াক্স আমস্টারডামের জন্য। ডাচ কাপের শিরোপা জেতায় ফাইনালে ওঠার আত্মবিশ্বাস আরও বাড়ল তাদের। ইউরোপের ক্লাব সেরা হওয়ার মিশনে সেমিফাইনালের দ্বিতীয় লেগে বুধবার টটেনহ্যামের মুখোমুখি হবে আয়াক্স। তার আগে একটি শিরোপা আয়াক্সের স্বপ্ন রঙিন করে তুলল। এক গোলে এগিয়ে থাকা আয়াক্স একই সঙ্গে টটেনহ্যামকে আরও হুমকি দিয়ে রাখল।

ডাচ কাপের ফাইনালে ‘উইলেম দ্বিতীয়’ ক্লাবের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে আয়াক্স। এতে মৌসুমে তিন শিরোপার স্বপ্ন জিইয়ে রাখল নেদারল্যান্ডস জায়ান্টরা। এ নিয়ে রেকর্ড ১৯তমবার কাপ শিরোপা জিতল দলটি। ম্যাচে জোড়া গোল করেছেন স্ট্রাইকার ক্লাস জান হান্তেলার। বাকি দুই গোল করেছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার ডিলে ব্লিন্ড ও ডিফেন্ডার রাসমোস ক্রিস্টেনসেন।

ডাচ কাপের খবর শিরোনামে আসে না, প্রতিবারই তা আড়ালেই পড়ে থাকে। তবে এবার ইউরোপিয়ান অঞ্চলে রূপকথা তৈরি করা আয়াক্স জিতেছে বলেই খবরটি শিরোনামে। চ্যাম্পিয়ন্স লিগে দুর্বার গতিতে ছুটছে তারা। প্রথমবারের মতো তিন শিরোপার লক্ষ্য উঁকি দিচ্ছে তাদের মনে। কাপ জয়ে একটি লক্ষ্য পূরণ হলো। ডাচ প্রিমিয়ার লিগে ২০১৪ সালের পর এই প্রথম শিরোপা জয়ের খুব কাছে উজ্জীবিত এই তরুণ দলটি। চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও হাতছানি দিচ্ছে ডাচ জায়ান্টদের। শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে ইউরোপের দুই জায়ান্টকে হারিয়েছে আয়াক্স।  ঘরের মাঠে দ্বিতীয় লেগে আত্মবিশ্বাসী এ দলটি নিশ্চিত ফেভারিট।