তার নামে ভারতে একটা ঘরোয়া টুর্নামেন্ট হয়। অথচ তিনি ভারতের হয়ে কোনো টেস্ট খেলেননি। দিলীপ সিংজি যে ১২টি টেস্ট খেলেছেন, সবই ইংল্যান্ডের হয়ে। কারণও আছে। তখন ভারত নামের স্বাধীন দেশের জন্মই হয়নি। যা হোক, যে ১২ টেস্ট খেলেছিলেন দিলীপ, তাতেই ৯৯৫ রান করেন। গড় ৫৮.৫২। তিনটি সেঞ্চুরি আছে। করেছেন পাঁচটা হাফসেঞ্চুরিও। তবে এসব কিছু নয়, দিলীপ সিংজিকে কিংবদন্তি বানিয়েছিল প্রথম শ্রেণির ক্রিকেট। যেখানে মাত্র আট মৌসুম খেলে ৫০টি সেঞ্চুরি করেছেন। আর ৪৯.৯৫ গড়ে রান করেছেন ১৫৪৮৫। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯৩০ সালে নটিংহ্যাম্পশায়ারের বিপক্ষে মাত্র সাড়ে পাঁচ ঘণ্টা ব্যাট করে ৩৩৩ রানের ইনিংস খেলেছিলেন। সেই দিনটা ছিল ৭ মে। দিলীপ সিংজির সেই ইনিংসে ভর করে ৫২১ রান তুলেছিল সাসেক্স। জবাব দিতে নেমে নটিংহ্যাম্পশায়ারের ব্যাটিং বিপর্যয় হয়। মজার ব্যাপার হলো, দুই ইনিংস মিলিয়ে সিংজির রানের চেয়ে ২১ রান কম করেছিল তারা। প্রথম ইনিংস ১৮৭ তোলার পর দ্বিতীয় ইনিংসে ১২৫ রানে অল আউট হয় নটিংহ্যাম্পশায়ার। সেই সময় প্রথম শ্রেণির ক্রিকেট ৩৩৩ ছিল সর্বোচ্চ রানের ইনিংস। তাছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে একদিনে তিনশো রান করার কৃতিত্ব আছে মাত্র তিনজনের। সবচেয়ে বেশি ৩৯০ রান তুলেছিলেন ব্রায়ান লারা। ১৯৯৪ সালে ওয়ারউইকশায়ারের বিপক্ষে সেই ইনিংসে ৫০১ রান করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি।