সিডিএ’র নকশা অনুমোদনে হয়রানি দুর্নীতি কমাতে অনলাইন সেবা চালু

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নকশা অনুমোদনে গ্রাহকদের হয়রানি ও দুর্নীতি কমাতে অনলাইন সেবা চালু করা হয়েছে।

সোমবার একজন গ্রাহকের আবেদন অনলাইনের মাধ্যমে গ্রহণ করার মধ্য দিয়ে অনলাইনের মাধ্যমে নির্মাণ নকশা অনুমোদন কার্যক্রমের উদ্বোধন করেন সিডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ।

এসময় তিনি বলেন, সিডিএ আইনের বাইরে আর কোন ভবন নির্মাণ করতে দেওয়া হবে না।  আগে যা হয়েছে, হয়েছে। এখন থেকে আর নকশাবহির্ভূত ভবন করতে দেওয়া হবে না। পাঁচতলার অনুমোদন নিয়ে আটতলা ভবন করা যাবে না।  সারা জীবনের সঞ্চয় দিয়ে মানুষ একটা ভবন নির্মাণ করে। সেখানে নিজে থাকে, পরিবারের সদস্যরাও থাকেন। নকশা বহির্ভূত ভবন নির্মাণ করে বসবাস করা মানে, সবাই ঝুঁকিতে থাকা।

অনুষ্ঠানে সিডিএ’র প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান বলেন, সিডিএ’র নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধনের মাধ্যমে গ্রাহকরা এখন থেকে অনলাইনে আবেদন করবেন। আবেদনকারীরা একটি ট্র্যাকিং নম্বর পাবেন। সেই ট্র্যাকিং নম্বর ব্যবহার করে গ্রাহকরা আবেদন জমা করতে পারবেন।

সিডিএর নতুন নিয়মে ভূমি ব্যবহারের ছাড়পত্র আগের ৪৫ দিনের পরিবর্তে ১৫ দিন, নির্মাণ অনুমোদন ৪৫ দিনের পরিবর্তে ২০ দিন, বৃহদায়তন ও বিশেষ প্রকল্প অনুমোদনের সময়সীমা পূর্বের ৪৫ দিনের পরিবর্তে ১৫ দিন এবং ভেরিফিকেশন তিন দিনে সম্পন্ন করা হবে। এতে মোট সময় লাগবে ৩৮ দিন। যা  পূর্বে ৯০ দিন লাগত।

এর মাধ্যমে ভূমি ব্যবহারের ছাড়পত্র এবং নকশা অনুমোদনের জন্য সিডিএতে আসতে হবে না এবং সময় ও ব্যয়ও কমবে। তবে অনলাইনে আবেদন করতে প্রতি মাসের নির্ধারিত তারিখ দেওয়া হয়েছে। সেই অনুসারেই গ্রাহকদের আবেদন করতে হবে। অনুষ্ঠানে সিডিএর সচিব, বোর্ড মেম্বাররা উপস্থিত ছিলেন