সব চেষ্টা বৃথা করে চলে গেলেন সুবীর নন্দী

দেশ-বিদেশের চিকিৎসকদের শত চেষ্টার পরেও বাঁচানো গেল না একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী সুবীর নন্দীকে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন তিনি।

কিংবদন্তি এই শিল্পীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ সময় ভোর সাড়ে চারটায় তিনি মারা যান।

৬৬ বছর বয়সী সুবীর নন্দী দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন। নিয়মিতভাবে তার ডায়ালাইসিস করতে হচ্ছিল। এর ভেতর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায়ও একবার হার্ট অ্যাটাক হয় তার। সিঙ্গাপুরে নেওয়ার পরও হয়।

সংগীত অঙ্গনে চার দশকের ক্যারিয়ারে আড়াই হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। সংগীতে অবদানের জন্য চলতি বছরেই একুশে পদকে ভূষিত হন।

সুবীর নন্দী ১৯৫৩ সালের ১৯ নভেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার নন্দীপাড়ায় জন্মগ্রহণ করেন।

বেতার, টেলিভিশন এবং চলচ্চিত্রের প্লেব্যাকে তার অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। চলচ্চিত্রে প্লেব্যাকের জন্য চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি।