যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেহারার আদলে মুখোশ পরে অস্ট্রেলিয়ায় দোকান লুট করেছে এক ব্যক্তি। বর্তমানে তাকে পুলিশ খুঁজছে।
কুইন্সল্যান্ডের একটি শপিং সেন্টারে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তি কয়েকটি দোকান থেকে জিনিসপত্র নিয়ে যান।
পুরো ঘটনাটি সিসি ক্যামেরায় ওঠে আসে। সেখানে দেখা যায়, চোর নিজের চেহারা ঢাকতে ট্রাম্পের মুখোশ ব্যবহার করেন। কুইন্সল্যান্ড পুলিশ ওই ব্যক্তিকে চিহ্নিত করতে সাহায্য চেয়েছে।
পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, রোববার ভোরে এই ঘটনা ঘটে। চোর কয়েকটি দোকানের কাচের দরজা ও জানালা ভেঙে প্রবেশ করে। হাতিয়ে মূল্যবান কিছু জিনিস। এর মধ্যে দেখা যায়, একটি অলংকারের দোকানের জানালা ভেঙে কয়েকটি ঘড়ি তুলে নেন। একটি ইলেকট্রনিক সামগ্রীর দোকান থেকেও একই কায়দায় চুরি করেন। আরও কিছু দোকান লুট করে কোনো বাধা ছাড়াই হেঁটে চলে যান তিনি।
চোরের গায়ে ছিল নাইকির কালো হুডেড জাম্পার, কালো ট্র্যাক প্যান্ট ও সাদা নাইকি জুতা।
তবে চুরির চেয়ে ডোনাল্ড ট্রাম্পের মুখোশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশি আলোচনা হচ্ছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন- এটা ভুয়া খবর কিনা?
অবশ্য এবারই প্রথম নয়- এর আগেও ট্রাম্পের মুখোশ পরে চুরির ঘটনা ঘটেছে।