ইচ্ছা ছিল বাড়িতেই জন্ম দেবেন সন্তানের। কিন্তু সময় পেরিয়ে যাওয়ায় মেগান মার্কেল কিছুটা অসুস্থ হয়ে পড়েন। তাই তাকে কঠোর গোপনীয়তার ভেতর হাসপাতালে নেওয়া হয়। খবর ডেইলি মেইলের।
গণমাধ্যমটি জানিয়েছে, মেগানকে সোমবার লন্ডনের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে সারা রাত বিশেষজ্ঞ ডাক্তাররা তার দেখভাল করেন। ছেলে সন্তান ভূমিষ্ঠ হয় ভোর সাড়ে পাঁচটার কিছু আগে।
২০১৮ সালের ১৯মে মার্কিন অভিনেত্রী মেগানকে বিয়ে করেন ব্রিটিশ রাজপরিবারের পঞ্চম উত্তরসূরি প্রিন্স হ্যারি। গত ১৪ জানুয়ারি বাগদান-বার্ষিকী উপলক্ষে দুজনে স্থানীয় নাগরিকদের সঙ্গে দেখা করেন। সেখানেই মেগান সন্তান আসার খবর দেন।
রাজপরিবারে নতুন অতিথি আসলে ঘটা করে তার বিস্তারিত জানানো হয়। সেই ঐতিহ্য ভেঙে মেগানের অনাগত সন্তানের বিষয়ে কঠোর গোপনীয়তা অবলম্বন করা হয়।
হ্যারি মেগানের দ্বিতীয় স্বামী। তার প্রথম স্বামীর নাম ট্রেভর এঙ্গেলসন। পেশায় ছবির প্রযোজক এই আমেরিকানের সঙ্গে ২০১১ সালে বিয়ের পিঁড়িতে বসেন। মাত্র দুই বছর পর, ২০১৩ সালে তারা আলাদা থাকা শুরু করেন। ওই বছরই হয় বিবাহবিচ্ছেদ।