প্রিয়াঙ্কা চোপড়ার ফ্যাশন সচেতনতা অনেকের কাছে শিক্ষণীয়। তাই বলিউড-হলিউডের নায়িকাকে নিয়মিত অনুকরণ করেন তারা। কিন্তু সাম্প্রতিক সাজ-পোশাকের কারণে প্রিয়াঙ্কা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় বিদ্রূপের শিকার হচ্ছেন।
যুক্তরাষ্ট্রে চলমান ‘মেট গালা ২০১৯’-এ মিমি কাটরেলের তৈরি গাউনে সেজেছিলেন প্রিয়াঙ্কা। এর আগেও অনেকবার এই ডিজাইনারের পোশাক সেজেছিলেন নিক জোনাসের স্ত্রী, বদলে দিয়েছিল লুক। কিন্তু নেটিজেনদের মতে, এবারের মতো এত ভয়াবহ আগে কখনো মনে হয়নি ‘বেওয়াচ’ অভিনেত্রীকে।
চড়া মেকআপ, সাদা আইল্যাশ, স্টোন টিপ, ঠোঁটের ওপর ও চোখের নিচেও স্টোন এবং কানে লম্বা দুল পরেছিলেন প্রিয়াঙ্কা। সঙ্গে অদ্ভুত দর্শন কোঁকড়া উইগ নিয়েও প্রবল সমালোচনা চলছে। তার ওপর মাথায় ছিল লম্বা মুকুট!
সেই তুলনায় স্বাভাবিক দেখতে লাগছিল নিককে। সাদা আউটফিটে সেজেছেন তিনি।
প্রিয়াঙ্কার এই সাজ নিয়ে তুমুল আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কেউ লিখেছেন, প্রিয়াঙ্কাকে শ্রীলঙ্কার বোলার মালিঙ্গার মতো দেখতে লাগছে। আবার কেউ মজা করে লিখেছেন, সদ্য ওড়িশা উপকূলে আছড়ে পড়া সাইক্লোন ফণির দাপটে প্রিয়াঙ্কার এই হাল।
তবে ‘মেট গালা’র আসর বরাবরই প্রিয়াঙ্কা-নিকের পছন্দের আয়োজন। এই মঞ্চেই যে তাদের পরিচয় ও মন দেওয়া-নেওয়া!