শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

শরীয়তপুরে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুস ছালাম খান এ আদেশ দেন।

একই সঙ্গে আদালত আসামি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেন।

আসামিরা হলেন- শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের পশ্চিম নাওডোবা গফুর মোড়ল কান্দি গ্রামের হামেদ মোড়লের ছেলে নুরু মোড়ল (৩৫), সিদ্দিক মোড়লের ছেলে চুন্নু মোড়ল (৫০), চুন্নু মোড়লের স্ত্রী স্বপ্না বেগম (৪৫) ও পশ্চিম নাওডোবা আহাম্মেদ চোকিদার কান্দি গ্রামের মৃত জমির চোকিদারের ছেলে সেলিম চোকিদার (৩৭) ।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মির্জা হজরত আলী জানান, ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলার জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের আহাম্মেদ চৌকিদার কান্দি গ্রামের ইলিয়াস চৌকদারের মেয়ে রিমা আক্তার (১৩) নিখোঁজ হয়।

পরে ১৩ সেপ্টেম্বর বিকেলে নাওডোবা মজিদ হাওলাদারকান্দি জনৈক খোকন হাওলাদারের পরিত্যক্ত ভিটায় পাটকাঠি দিয়ে ঢাকা অবস্থায় রিমার মরদেহ উদ্ধার করে পুলিশ। রিমাকে গলায় গামছা দিয়ে ফাঁস দেওয়া এবং বুকে কোপের জখমসহ পাওয়া যায়।

এ ঘটনায় শিশুটির বাবা ইলিয়াস চোকদার ১৪ সেপ্টেম্বর বাদী হয়ে জাজিরা থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৮ সালের ২৮ জুন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

সরকারি কৌঁসুলি আরও বলেন, আসামি নুরু, চুন্নু, সেলিম শিশুটিকে ধর্ষণ করে আর স্বপ্না ধর্ষণে সাহায্য করেন। পরে তারা শিশুটিকে হত্যা করে।

রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন। পরে আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হয়।

আসামিপক্ষের আইনজীবী আলমগীর হোসেন জানান, এ রায়ে তিনি সন্তুষ্ট নয়। উচ্চ আদালতে তারা আপিল করবেন।