জাবিতে মোবাইল চুরির অভিযোগে হল থেকে বিতাড়িত ছাত্রলীগ নেতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রলীগের এক নেতাকে মোবাইল ফোন চুরির অভিযোগে সংগঠনের নেতা-কর্মীরা হল থেকে বের করে দিয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে কৌশিক রহমান ওরফে শিমুল নামে ওই ছাত্রলীগ নেতাকে বের করে দেওয়া হয়।

জানা যায়, জাবির লোকপ্রশাসন বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র শিমুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক।

হলের শিক্ষার্থীরা জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে হলের ৩৩০ নম্বর কক্ষ থেকে শাওমি ব্র্যান্ডের একটি মুঠোফোন চুরি হয়। একজন আবাসিক ছাত্র ওই চুরির ঘটনা দেখে ফেলেন। পরে তিনি হলের ছাত্রলীগের কয়েকজন নেতাকে বিষয়টি জানান।

হল ছাত্রলীগের নেতারা কৌশিক রহমানকে মুঠোফোনের চুরির বিষয়ে জিজ্ঞেস করলে তিনি অস্বীকার করেন। এ সময় কৌশিকের কক্ষে মুঠোফোনের খোঁজে নেতারা গেলে তিনি কক্ষ থেকে বের হয়ে যান। পরে হলের ওয়াশ রুমের কাছে গিয়ে কৌশিক মুঠোফোনটি ফেলে দেওয়ার চেষ্টা করলে নেতা-কর্মীরা তাকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর রাত আড়াইটার দিকে কৌশিক রহমানকে হল থেকে বের করে দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে কৌশিক রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

অন্যদিকে এ ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, ‘এ রকম কিছু তো শুনিনি। আমি তো জানতাম সে (কৌশিক রহমান) অসুস্থ। তাই তাকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল রাতে। যদি চুরির ঘটনা ঘটে থাকে, তাহলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ফরিদ আহমেদ বলেন, ‘এ রকম একটি ঘটনা শুনেছি। যদি সত্যিই চুরির ঘটনা ঘটে থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘যারা তাকে হল থেকে বের করে দিয়েছে, সেটাও নিয়মবহির্ভূত। কোনো শিক্ষার্থী অন্য শিক্ষার্থীকে হল থেকে বের করে দিতে পারে না। যারা তাকে হল থেকে বের করে দিয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’