পাপুয়া নিউগিনিতে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

পাপুয়া নিউগিনিতে গতকাল মঙ্গলবার ৭ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা কোনো প্রাণহানির ঘটনা ঘটেছে কি না, তা এখনো জানা যায়নি।

ইউএসজিএস জানিয়েছে, শক্তিশালী এ ভূমিকম্পটির উৎপত্তি পাহাড়ি দেশটির পূর্বপ্রান্তে ভূপৃষ্ঠের ১২৭ কিলোমিটার গভীরে, পূর্বাঞ্চলীয় শহর লাই থেকে ৬৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

লাইয়ের দমকল বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের পর থেকে ক্ষয়ক্ষতি বা হতাহতের কথা জানিয়েছে, এ পর্যন্ত তাদের কাছে কোনো ডাক আসেনি।

ইউএসজিএসের সঙ্গে সম্পর্কিত প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের পর কোনো সুনামি হুমকি তৈরি হয়নি। বুলোলো শহরের পুলিশ স্টেশন কমান্ডার লিও কাইকাস এএফপিকে জানান, ‘আমরা এখনো পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।’

জাতিসংঘের তথ্য অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের ৫০ কিলোমিটারের মধ্যে এক লাখ দশ হাজার মানুষের বসবাস।