দুর্যোধনের মতো পরিণতি হবে মোদির : প্রিয়াঙ্কা

বাবা রাজীব গান্ধীকে নিয়ে মোদির করা মন্তব্যের কড়া জবাব দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। গতকাল মঙ্গলবার প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘একই ধরনের দাম্ভিকতার কারণ পতন হয়েছিল দুর্যোধনের। মোদিরও একই পরিণতি হবে।’

প্রিয়াঙ্কা এবং রাহুল গান্ধী ছাড়াও বিরোধী কয়েকটি দলের নেতারাও রাজীব গান্ধীকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির করা মন্তব্যের বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন। মোদি বলেছিলেন, এক নম্বর দুর্নীতিবাজ হিসেবে রাজীব গান্ধীর জীবন শেষ হয়েছে।

হরিয়ানায় নির্বাচনী র‌্যালিতে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘তারা অন্য কোনো ইস্যু না পেয়ে আমার পরিবারকে অপমান করছে। এই দেশ কখনো দাম্ভিকতাকে ক্ষমা করেনি। ইতিহাস তার প্রমাণ দেয়। মহাভারতেও এর প্রমাণ মিলবে।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সাহস থাকলে তিনি উন্নয়ন, কর্মসংস্থান, কৃষক এবং নারীর নিরাপত্তা নিয়ে কথা বলুন।

এদিকে প্রিয়াঙ্কা গান্ধীর প্রতিক্রিয়ায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহ বলেন, প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রীকে দুর্যোধন বলেছেন। গণতন্ত্রে আপনি একজনকে দুর্যোধন বলে ডাকলেই সে তা হয়ে যায় না। আগামী ২৩ মে এই দেশ সিদ্ধান্ত নেবে কে দুর্যোধন আর কে অর্জুন।

আগামী ২৩ মে ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে।