আলেম-ওলামা-এতিমদের সম্মানে বিএনপির ইফতার পার্টি অনুষ্ঠিত

দলের কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে ‘আলেম-ওলামা-মাশায়েখ-এতিমদের সম্মানে ইফতার পার্টি করেছে বিএনপি। ইফতার পার্টিতে খালেদার সম্মানে একটি চেয়ার ফাঁকা রাখা হয়।

মঙ্গলবার বিকেলে রাজধানীর ইস্কাটন গার্ডেন লেডিস ক্লাবে এই ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। ইফতারের আগে মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের নেতা মাওলানা শাহ মো. নেছারুল হক।

তেজগাঁও ও শান্তিনগর এতিমখানার কয়েকশ এতিম শিক্ষার্থী ইফতারে অংশ নেয়। ওলামা-মাশায়েকদের মধ্যে বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মাওলানা সাইয়েদ কামালউদ্দিন জাফরি, বাংলাদেশ মসজিদ মিশনের মহাসচিব মাওলানা খলিলুর রহমান মাদানী, চট্টগ্রামের মীরসরাই পীর সাহেব মাওলানা আবদুল মোমেন নাসেরী উপস্থিত ছিলেন। আলেম-ওলামা-মাশায়েক ও এতিমদের পাশে নিয়ে ইফতার করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইফতার পার্টিতে বিএনপি নেতাদের মধ্যে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুল কাইয়ুম প্রমুখ।

গত বছর ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় ৫ বছরের কারাদণ্ডের পর পুরোনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিকভাবে গুরুতর অসুস্থ হওয়ার গত ১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।