না ফেরার দেশে পাড়ি জমালেন বর্ষীয়ান অভিনেতা ও গায়ক মৃণাল মুখোপাধ্যায়।দীর্ঘদিন অসুস্থতার পর মঙ্গলবার দুপুরে তার জীবনাবসান ঘটে। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন গায়িকা তথা অভিনেত্রী জোজোর পিতা মৃণাল মুখোপাধ্যায়।
জানা যায়, বেশ মাস কয়েক ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরও প্রকাশ্যে এসেছিল অনেক দিন আগেই। হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। জন্ডিসে আক্রান্ত হয়েছিলেন। ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর মঙ্গলবার হাসপাতালেই মৃত্যু হয় মৃণাল মুখোপাধ্যায়ের।
মৃত্যুকালে রেখে গিয়েছেন দুই সন্তানকে। অভিনেতা দেবপ্রিয় মুখোপাধ্যায় ও অভিনেত্রী তথা গায়িকা জোজো মুখোপাধ্যায়। দু’জনেই বাংলা বিনোদন জগতে সুপ্রতিষ্ঠিত। মৃণাল মুখোপাধ্যায় নিজেও ছোটপর্দায় এবং বড়পর্দার বেশ জনপ্রিয় মুখ ছিলেন। প্রায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করেছেন। মূলত, খল চরিত্রেই দেখা যেত এই অভিনেতাকে। অভিনয় ছাড়াও গান গাইতেন খুব ভালো। সত্তর-আশির দশক থেকেই মৃণাল মুখোপাধ্যায়ের গান মুগ্ধ করেছে দর্শককে।
মৃণাল মুখোপাধ্যায় অভিনীত সাম্প্রতিক ছবিগুলোর মধ্যে রয়েছে ২০১৬ সালের ছবি ‘ব্যোমকেশ ও চিড়িয়াখানা’। এ ছাড়া, বেশ কিছু বাংলা ধারাবাহিকেও কাজ করছিলেন তিনি।