গোপালগঞ্জে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি

দুই মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিখোঁজ কৃষক শিশির তালুকদারের (৩২) সন্ধান মেলেনি। গত ৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ রয়েছেন।

শিশির তালুকদারের স্ত্রী সুলতা তালুকদার জানান, ‘গত ৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমার স্বামী একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান। বাড়ি থেকে আমার স্বামীর মোবাইলে বারবার ফোন করেও কথা বলতে পারিনি এবং আমার স্বামী আর বাড়িতেও ফিরে আসেননি। পরে জানতে পারি আমার স্বামী ও স্থানীয় মুকুল গাইনকে ওই রাতে পাশের ভাঙারহাট বাজারে চায়ের দোকানে দেখা গেছে।’

এরপর কোটালীপাড়া থানায় গত ১০ মার্চ একটি সাধারণ ডায়েরি করেন সুলতা। পরে গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলাটি বর্তমানে কোটালীপাড়া থানার ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমানের তদন্তাধীন।