টেলিভিশনের স্টিকারযুক্ত গাড়িতে ইয়াবা, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের সীতাকুণ্ডের বড় দারোগারহাটে বেসরকারি একটি টেলিভিশনের স্টিকার লাগানো একটি গাড়ি থেকে ১ হাজার ৩৩০টি ইয়াবাসহ চারজনকে আটকের পর গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গত সোমবার গভীর রাতে নিয়মিত তল্লাশি চলাকালে গাড়িসহ তাদের আটক করে পুলিশ। তারা হলেন মোসলেহ উদ্দিন (৩৫), মো. নাজিম (৩৬), মো. সায়িম (২৭) ও মুরাদ আলম (২২)। এদের মধ্যে নাজিমের নামে ঢাকা ও কুমিল্লাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সীতাকুণ্ড থানা পুলিশ জানায়, তল্লাশি চলাকালে গাড়িটি সন্দেহ হলে থামতে বলে পুলিশ। কিন্তু চালক গাড়ি না

থামিয়ে গতি আরও বাড়িয়ে দেয়। পরে পুলিশ ধাওয়া করে থামালে গাড়িতে থাকা মোসলেহ উদ্দিন ও নাজিম নিজেদের সাংবাদিক পরিচয় দেন। ওই সময় তল্লাশি চালিয়ে পুলিশ তাদের কাছ থেকে ১ হাজার ৩০০টি ইয়াবা উদ্ধার করে। পরে গাড়িসহ তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

সীতাকুণ্ড থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় আটকদের নামে মামলা হয়েছে।