নিজের মা-বাবাকে নিয়ে ক্যামেরার সামনে অনেক সময়ই কথা বলেন তারকারা। কিন্তু শ্বশুর বা শাশুড়িকে নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা বলতে দেখা যায় না তাদের।
তবে এইবার সেই কাজটাই করলেন তিন বলিউড নায়িকা। শাশুড়িকে নিয়ে প্রকাশ্যে কথা বললেন জুহি চাওলা, রানি মুখার্জি এবং সোনম কাপুর।
শাশুড়িদের সঙ্গে নায়িকাদের সম্পর্ক কেমন? মান-অভিমানের পাল্লা ভারী, নাকি স্নেহ-শ্রদ্ধায় মোড়া সেই সম্পর্ক?
বলিউডের অভিনেত্রী বিদ্যা বালান রেডিওতে একটি অনুষ্ঠান করেন। আর সেই অনুষ্ঠানে গিয়েই রানি বলেন, ‘আদিত্য আজ যেমন মানুষ, তেমন করে ওকে তৈরি করার জন্য প্রতিদিন আমার শাশুড়িমাকে ধন্যবাদ দিই। মূল্যবোধ শিখিয়েছেন উনি। অসাধারণ মহিলা।’
জুহির কথায়, ‘শাশুড়িমা আমার সাপোর্ট সিস্টেম। মা হওয়ার পর প্রথম দিকে আমি কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। সে সময় আমার দুই সন্তানের দেখভাল উনিই করেছেন।’
সোনম জানিয়েছেন, শাশুড়ি তার নিজের মায়ের থেকে কোনো অংশে কম নন। শাশুড়ির কোনো মেয়ে নেই। সোনমই তার মেয়ে। শাশুড়িই নাকি সোনমের সবচেয়ে ভাল বন্ধু।
অভিমান নয়, বন্ধুত্বই শাশুড়ি-বৌমার সম্পর্কের মূলধন, তা যেন আরও একবার বুঝিয়ে দিলেন এই তিন নায়িকা।