গোকুলাম কেরালা এফসির হয়ে ভারত মহিলা লিগে খেলতে গত সোমবার ঢাকা ছেড়েছিলেন বাংলাদেশ জাতীয় মহিলা দলের অধিনায়ক সাবিনা খাতুন। কিন্তু কলকাতা পৌঁছে তাকে শুনতে হয় দুঃসংবাদ। ক্লাব ম্যানেজার সাবিনাকে জানান, লিগ চলাকালে বিদেশি খেলোয়াড়ের নিবন্ধনের সুযোগ না থাকায় সাবিনার খেলা হচ্ছে না তাদের দলের হয়ে। এই খবরে হতাশ হয়ে গতকাল দুপুরে কলকাতা থেকে দেশে ফিরেছেন তিনি।
সাবিনাকে দলভুক্ত করার বিষয়টি ভারতীয় ফুটবল ফেডারেশনকে অবগত না করেই তাকে ভারতে যাওয়ার জন্য বলা হয় ক্লাবটির পক্ষ থেকে। ভিসা জটিলতায় চাইনিজ তাইপের ঘরোয়া লিগ খেলতে যাওয়া হয়নি। সেখানে খেলবেন বলেই ভারতে গত বছর খেলা সেতু এএফসি প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন সাবিনা। এরপর গোকুলাম কেরালার প্রস্তাবে সানন্দে রাজি হয়ে গিয়েছিলেন। কিন্তু ক্লাবটির অদূরদর্শিতায় কলকাতা থেকে ফিরতে হওয়ায় ক্ষুব্ধ সাবিনা, ‘আসলে আমার দুর্ভাগ্য যে এবার ভারতের লিগে খেলার সুযোগ হয়েও হারাতে হলো। পাঞ্জাবের বিমান ধরার আগেই ক্লাবটির ম্যানেজার ফোন করে আমাকে খবরটি জানান। অথচ এটা আগে জানালে আমাকে কষ্ট করে কলকাতা আসতে হতো না।’