কারিগরি বোর্ডের নতুন চেয়ারম্যান মোরাদ হোসেন মোল্লা

তিন মাস শূন্য থাকার পর বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।  এ পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. মোরাদ হোসেন মোল্লা। 

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

কারিগরি শিক্ষা বোর্ডের সর্বশেষ চেয়ারম্যান অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান গত ৭ ফেব্রুয়ারি অবসরে যান।  তারপর থেকে বোর্ডের সচিব মো. মাহবুবুর রহমান আর্থিক ক্ষমতা পেয়ে দৈনন্দিন কাজ চালিয়ে নেন।

কারিগরি শিক্ষা বিষয়ে সারা দেশে একটিই মাত্র বোর্ড।  কারিগরি শিক্ষার বিষয়ে বিভিন্ন পাবলিক পরীক্ষা গ্রহণ ছাড়াও দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, অনুমোদন, স্থাপন, পাঠদানের অনুমতি প্রদান, স্বীকৃতি প্রদান, কারিকুলাম অনুমোদন, ও প্রতিষ্ঠানের স্বীকৃতি নবায়নের কাজ করে থাকে এ বোর্ড।

যোগাযোগ করা হলে ড. মো. মোরাদ হোসেন মোল্লা জানান, তিনি বোর্ড চেয়ারম্যান পদে তার নিয়োগের কথা শুনেছেন।  এখনো চিঠি হাতে পাননি।  পেলে বুধবার তিনি বোর্ডে যোগদান করবেন বলে জানান।