দেশের সরকারি-বেসরকারি স্কুল ও মাদ্রাসা ভবনের মধ্যে কতগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তা জরিপ চালিয়ে চিহ্নিত ও ঝুঁকিমুক্ত করার পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। পাশাপাশি রুল জারি করেছে আদালত। স্থানীয় সরকার সচিব, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে এ নির্দেশনা বাস্তবায়ন করে তিন মাসের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সম্প্রতি বরগুনার তালতলীর ছোটবগি পি কে সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের বিমের পলেস্তারা ধসে এক শিশু শিক্ষার্থী নিহত হয়। এরপর আরও একাধিক স্কুলে এ ধরনের ঘটনা ঘটে। এসব ঘটনায় পত্রিকায় প্রকাশিত সংবাদ সংযুক্ত করে আইনজীবী হাসান তারেক পলাশ ও বেসরকারি আইনগত সহায়তাকারী সংস্থা ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে রিট আবেদনটি করা হয়।