খুশিতে আত্মহারা লিভারপুল কোচ

বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের ফিরতি লেগে ঐতিহাসিক জয়ে খুশিতে আত্মহারা লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। শিষ্যরা কিভাবে অসাধ্য কাজটি সাধন করল তা মাথায় ধরছে না অভিজ্ঞ এই কোচের!

অ্যানফিল্ডে মঙ্গলবার প্রতিযোগিতাটির শেষ চারের ফিরতি লেগে লা লিগা চ্যাম্পিয়নদের ৪-০ গোলে হারায় লিভারপুল। দুই লেগ মিলিয়ে ৪-৩ অগ্রমাগিতায় টানা দ্বিতীয় মৌসুমে ক্লাব পর্যায়ে ইউরোপ সেরা প্রতিযোগিতার ফাইনালে উঠল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। এর আগে প্রথম লেগে কাম্প নউয়ে ৩-০ ব্যবধানে হেরেছিল তারা।

চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান ফরম্যাটে প্রথমবারের মতো কোনো দল সেমি-ফাইনালে তিন গোলের ব্যবধানে পিছিয়ে থেকেও ফাইনালে যাওয়ার নজির গড়ল লিভারপুল। দলের এমন পারফরম্যান্সে মুগ্ধ ক্লপ।

“নিজেরা গোল না খেয়ে জেতাটা কঠিন। আমি জানি না কিভাবে তারা এমনটা করেছে।”

“এটা আমাদের সবার জন্য অনেক বড় কিছু। বিশ্বে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। কিন্তু একসঙ্গে এমন আবেগময় একটা পরিবেশ তৈরী করা খুবই বিশেষ কিছু। আর এর সবটাই হয়েছে খেলোয়াড়দের জন্য।...এমনটা আমি আগে কখনও দেখিনি। ফুটবলে কী সম্ভব এটা তা দেখিয়েছে। ম্যাচটা অসাধারণ ছিল।”

“ম্যাচটির আগে আমি ছেলেদের বলেছিলাম, ‘এটা সম্ভব বলে আমি মনে করি না। তবে তোমরা খেলবে বলে আমি মনে করি, আমাদের একটা সুযোগ আছে। এটা অবিশ্বাস্য।”

আগামী ১ জুন মাদ্রিদে হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। চূড়ান্ত লড়াইয়ে লিভারপুলের প্রতিপক্ষ হবে টটেনহ্যাম হটস্পার ও আয়াক্স মধ্যকার অপর সেমি-ফাইনালের জয়ী দল।