বিশেষ স্ক্রিনিংয়ে ‘কণ্ঠ’ দেখে যা বললেন চিকিৎসক দেবী শেঠী

ক্যানসার সচেতনতা বিষয়ক ছবি ‘কণ্ঠ’। ভারতীয় পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের ছবি মানেই তা সমাজের জন্য কোনো বার্তা দেবে। এ রকমেরই একটি ছবি ‘কণ্ঠ’ মুক্তি পেতে চলেছে। ওই ছবিটি ক্যানসার বিষয়ে সচেতনতা বাড়াবে বলেই আশা পরিচালকের।

মুক্তির আগে বিশেষ স্ক্রিনিং দেখে একই কথা বললেন চিকিৎসক দেবী শেঠীও। এই ছবি সকলের মন কাড়বে বলেই আশা তার।

ছবিটির কাহিনীতে, পেশায় রেডিও জকি অর্জুন মল্লিক। সাফল্যের সিঁড়িতে সবে উঠতে শুরু করেছেন। অসাধারণ কথা বলার জন্য পুরস্কার ঝুলিতে নেওয়া মাত্রই বিপত্তি। আচমকাই গলা দিয়ে স্বর বেরোচ্ছে না তার। চিকিৎসকের কাছে যান। নানা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় ক্যানসারে আক্রান্ত হয়েছেন অর্জুন। বাঁচতে চাইলে স্বরযন্ত্র বাদ দেওয়া ছাড়া কোনো উপায় নেই তার। অস্ত্রোপচার করা হয়। বাদ দেওয়া হয় স্বরযন্ত্র। কিন্তু অস্ত্রোপচারের পর গলা দিয়ে অদ্ভুত আওয়াজ বেরোতে দেখা যায় তার। স্বর হারিয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়েন রেডিও জকি। স্ত্রী পাওলি এবং তার অন্যান্য পরিজনদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে শুরু করে তার।

এখানেই উপস্থিত হন জয়া আহসান। গলার নানা কারিকুরি শিখিয়ে মানসিক অবসাদ থেকে মুক্তি দিতে অর্জুনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন জয়া। আদৌ কি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন অর্জুন? এই প্রশ্নের উত্তর দেবে ‘কণ্ঠ’।

আগামী শুক্রবার ভারতের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে শিবপ্রসাদ-নন্দিতার এই ছবি। তার আগে সোমবার বেঙ্গালুরুতে ছবিটির বিশেষ স্ক্রিনিং হয়। ছবি দেখার জন্য উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক দেবী শেঠী-সহ বেশ কয়েকজন চিকিৎসক। ‘কণ্ঠ’ ছবিটি সকলের দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি।