যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ‘মেট গালা ২০১৯’-এ গ্ল্যামার দুনিয়ার নামী ব্যক্তিত্বদের পাশাপাশি ছিলেন আলোচিত বিজনেস টাইকুনরা। বাবা ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির বদৌলতে ছিলেন ইশা আম্বানি।
ফ্যাশন দুনিয়ার পরিচিত নাম প্রবাল গুরুং-এর ডিজাইন করা পোশাকে হাজির হয়েছিলেন ইশা। তার পোশাক নজর কেড়েছিল সবার।
ক্রিস্টাল ও অস্ট্রিচের পালক দিয়ে তৈরি হ্যান্ড এমব্রয়ডারি করা হালকা বেগুনি রঙের বল গাউন পরেছিলেন তিনি। তাকে দেখতে মনে হচ্ছিল ডিজনির কোনো রাজকুমারী।
ইশার পোশাকের ছবি প্রবাল গুরুং শেয়ার করলেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। খুব দ্রুতই ছবিগুলো অনলাইনে ভাইরাল হয়ে যায়।
এদিকে আগের কয়েক আসরের মতো এবারও মেট গালার লাল গালিচা মাতিয়েছেন ভারতীয় দুই তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাডুকোন। প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন স্বামী আমেরিকান পপ গায়ক নিক জোনাস। তবে অদ্ভুত সাজ-পোশাকের জন্য এই নায়িকা সোশ্যাল মিডিয়ায় বিদ্রূপের শিকার হয়েছেন।