চাঁদাবাজির কারণে গরুর মাংসসহ নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই চাঁদার টাকা সরকারের উপরের মহলেও যাচ্ছে।
বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, “বাজার দরের মতোই সরকারের ভেতর চলছে অস্থিরতা। সরকারের সীমাহীন লুটপাট ও দুর্নীতির কারণেই দারিদ্র্যের দুষ্টচক্রে পিষ্ট জনগণ।”
তিনি বলেন, সিয়াম সাধনার এই মাসে মানুষের চরম কষ্ট ও দুর্ভোগ লাঘবে মিডনাইট নির্বাচনের সরকারের যেন কোনো দায়বদ্ধতা নেই। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। নিত্যপণ্য কিনতে গিয়ে হাড়ে হাড়ে টের পাচ্ছেন ক্রেতারা।
বিএনপির এ মুখপাত্র বলেন, “রোজার মাসের জন্য ঢাকা সিটি করপোরেশন গরু ও খাসির মাংসের দাম কেজি প্রতি যথাক্রমে ৫২৫ ও ৭৫০ টাকায় বেঁধে দিয়েছে। কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় গরুর মাংস কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৬০০ আর খাসির মাংস ৮০০ টাকায়।”
তিনি বলেন, ব্যবসায়ীরা এর কারণ হিসেবে অতিরিক্ত খাজনা ও সরকারি লোকজনের চাঁদা আদায়কে দায়ী করছেন। তারা বলছেন, পশুর হাটে চাঁদাবাজি বন্ধ হলে প্রতি কেজি মাংস ৩০০ টাকায় বিক্রি করা সম্ভব। এই চাঁদাবাজির অর্থ যাচ্ছে সরকারের ওপর মহলে।
এসময় খালেদা জিয়ার মুক্তি দাবি করে রিজভী বলেন, মুক্তি দিলে তিনি তার পছন্দমতো বিশেষায়িত হাসপাতালে উপযুক্ত চিকিৎসা নিতে পারবেন। ভালোভাবে রোজা পালন করতে পারবেন। আদালতকে কুক্ষিগত করে রেখে তার জামিনে পদে পদে বাধা দেওয়া বন্ধ করুন। জামিনে হস্তক্ষেপ বন্ধ করুন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, অধ্যাপক শাহিদা রফিক, সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন প্রমুখ।