সন্তানদের নিজের যে সিনেমাটি দেখাতে রাজি নন অক্ষয়

নরেন্দ্র মোদির সাক্ষাৎকার ও নাগরিকত্ব নিয়ে কিছুদিন ধরে সংবাদমাধ্যমের শিরোনামে আছেন অক্ষয় কুমার। তার জাতীয় পুরস্কারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে।

তবে সাম্প্রতিক এক ভিডিও এই সব খবরকে ছাড়িয়ে গেছে। যেখানে বলিউডের খিলাড়ি জানান, দুই সন্তান আরাভ ও নিতারাকে নিজের একটি সিনেমা দেখানোর ইচ্ছা কখনো হবে না।

ভিডিওটি এইচটি স্টাইলিশ অ্যাওয়ার্ডস ২০১৯-এ ধারণকৃত। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন রাধিকা আপ্তে ও ভিকি কৌশল।

র‌্যাপিড-ফায়ার সেশনে তারা অক্ষয়কে জিজ্ঞাসা করেন, নিজের এমন একটি সিনেমার নাম বলুন যা কখনো সন্তানদের দেখাতে চান না?

উত্তরে এই নায়ক বলেন, “গরম মাশালা।” এই প্রসঙ্গে পরে বলেন, সিনেমাটিতে চার নারীর সঙ্গে তিনি প্রেম করেছেন। অক্ষয় চান না সন্তানেরা সেই ঘটনার সাক্ষী হোক। তবে তিনি মনে করেন, এখনকার মেয়েরা অনেক সচেতন।

অক্ষয় বর্তমানে রোহিত শেঠির ‘সূর্যবংশী’ সিনেমায় অভিনয় করছেন। করণ জোহরের প্রযোজনায় প্রধান নারী চরিত্রে আছেন ক্যাটরিনা কাইফ। সিনেমাটি হতে যাচ্ছে রোহিতের কপ ইউনিভার্সের অংশ।

অক্ষয়কে সর্বশেষ দেখা গেছে ব্যবসাসফল ‘কেশরি’ চলচ্চিত্রে। মুক্তির অপেক্ষায় আছে গুড নিউজ, হাউসফুল ফোর, লক্ষ্মী ও মিশন মঙ্গল। এ ছাড়া প্রিয়দর্শনের পরিচালনায় একটি হরর সিনেমা ও কমেডি ‘হেরি ফেরি থ্রি’ আছে শুটিং ফ্লোরে যাওয়ার অপেক্ষায়।