ইংরেজিতে ফেলের ভয়ে ছাত্রীর আত্মহত্যা, পরে পেল ৮২ নম্বর!

মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় ইংরেজিতে ফেল করার আশঙ্কায় আত্মহত্যা করে বসে এক ছাত্রী। ফল প্রকাশের পর দেখা যায়, সে বিষয়ে দারুণ নম্বর পেয়েছে। ভারতের উত্তর প্রদেশের নয়ডায় এ ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) ফাইনাল পরীক্ষায় ইংরেজিতে কয়েকটি প্রশ্ন ছেড়ে আসে নয়ডার ছাত্রী শর্মীষ্ঠা রাউত। এতে তার ধারণা হয়, ইংরেজিতে সে পাশ করবে না।

এমন পরিস্থিতিতে মানসিকভাবে চাপে ভুগতে থাকে সে। এক পর্যায়ে ফল প্রকাশের আগে আত্মহত্যা করে বসে শর্মীষ্ঠা। তিনদিন পর ফল প্রকাশ হলে দেখা যায়, সে ইংরেজিতে ৮২ নম্বর পেয়েছে।

পরীক্ষা খারাপ হওয়ার পর থেকে সে খুব একটা নিজের ঘরের বাইরে হতো না। বাবা-মা, ভাইয়ের সঙ্গেও তেমন কথা বলত না। গত শুক্রবার সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়।

জানা যায়, শুক্রবার তার বাবা কাজে গিয়েছিলেন আর মা ছিলেন আত্মীয়ের বাড়িতে। দুপুরে তিনি বাড়ি ফিরে দেখেন ওড়নায় পেঁচিয়ে ঝুলছে মেয়ের দেহ। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিতসকরা তাকে মৃত ঘোষণা করে।