অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে ট্রেন্ট আলেক্সান্দার আরনল্ডের বুদ্ধিদীপ্ত কর্নারে বার্সেলোনার স্বপ্ন চূর্ণ হয়। ৭৯ মিনিটে সেই কর্নার কিকটি কীভাবে যে হয়ে গেল তা বুঝতেই পারেননি বার্সেলোনার ফুটবলাররা। রেফারির কর্নারের বাঁশি শুনে মুখ ফেরাতেই দেখল ডিভোক অরিগি বল জালে পাঠিয়ে দিয়েছেন। আসলে এত দ্রুত আরনল্ড কর্নার নেওয়ার জন্য বল পেলেন কোথায়। সেই বলটিই বা ঠিক সময়ে কে দিল। এখানেই নায়ক হয়ে গেছেন ১৪ বছরের ‘বলবয়’ অকলে ক্যানোনিয়ের।
ম্যাচে কর্নার প্রান্তের খুব কাছে বল নিয়ে বসেছিল ছেলেটি। রেফারি কর্নারের বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে নিজের হাতের বল ছুড়ে দেয় আরনল্ডের দিকে। বল জায়গামতো বসিয়ে মাঠের দিকে ফিরতে যাবেন এমন সময় কী বুঝে শট নিয়ে নেন লিভারপুল ফুটবলার। পরের দৃশ্য তো ইতিহাস। সঠিক সময়ে বুদ্ধিমানের কাজ করে নায়ক বনে গেছে ১৪ বছরের তরুণ। সামাজিক যোগাযোগমাধ্যমে ইংল্যান্ডের লিডসে জন্ম নেওয়া ক্যানোনিয়েরকে নিয়ে চলছে তুমুল আলোচনা।
ম্যাচ শেষে দারুণ অভিজ্ঞতাও হয়েছে ছেলেটির। আরনল্ড নিজে তাকে ড্রেসিংরুমে ডেকে নিয়ে ছবি তুলেছেন। সেই ছবি এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। ভক্ত-সমর্থক থেকে শুরু করে লিভারপুল কিংবদন্তিরাও প্রশংসা করেছেন। শুধু তাই নয়, ছেলেটিকে এই মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের টিকিট দেওয়া হবে। আর আগামী দুই মৌসুমে লিভারপুলের লিগ টিকিটও দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।