সাত বছর পর কোয়ালিফায়ারে দিল্লি

বাসিল থাম্পির ১৮তম ওভারেই ম্যাচ জিতে নিল দিল্লি ক্যাপিটালস। ওই ওভারে ২২ রান নিয়ে রিশভ পান্ত ম্যাচের অবস্থা ১৮ বলে ৩৪ থেকে ১২ বলে ১২ রানে নিয়ে আসেন। তবুও ম্যাচ গড়ায় শেষ ওভার পর্যন্ত। তাতে ২ উইকেটের জয় পায় দিল্লি। আর ২০১২’র পর প্রথমবার টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করল দিল্লি। সেবার তৃ তীয় হয়ে থেমেছিল দলটি। এ মৌসুমেও অন্তত তৃ তীয় হওয়া নিশ্চিত দিল্লির। এদিকে এলিমিনেটরে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হলো সানরাইজার্স হায়দ্রাবাদের। দ্বিতীয় কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলবে দিল্লি। ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৬২ রান তোলে হায়দ্রাবাদ। জবাবে ৮ উইকেটে ১৬৫ তুলে ম্যাচ জিতে নেয় দিল্লি। বড় রান আসেনি কোনো হায়দ্রাবাদ ব্যাটসম্যানের ব্যাট থেকে। সর্বোচ্চ ৩৬ করেছেন মার্টিন গাপটিল। এ ছাড়া মানিশ পান্ডে ৩০, কেন উইলিয়ামসন ২৮, বিজয় শঙ্কর ২৬ ও মোহাম্মদ নবি ২০ রান করলে দেড়শোর কোটা পার করে হায়দ্রাবাদ। দিল্লিকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার পৃথ্বি ও শিখর ধাওয়ান। পৃথ্বি ৩৮ বলে ৫৬ করে রানের চাকা সচল রাখেন। তবে নিচের দিকে পান্তই জয়ের কাজ সারেন। মাত্র ২১ বলে ৫ ছক্কা ও ২ চারে ৪৯ করে দলকে জয়ের নিশ্চয়তা দিয়ে যান এ ব্যাটসম্যান।