পাইলটসহ আহত ১৮, দুর্ঘটনাকবলিত যাত্রীদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট

মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পাইলট শামীমসহ ১৮ আরোহী আহত হয়েছেন।

বুধবার রাত ১০টার দিকে এক ব্রিফিংয়ে সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, বিমানের ১৮ যাত্রী কমবেশি আহত হয়েছেন। তবে তারা সবাই শঙ্কামুক্ত। তাদের ইয়াঙ্গুনের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সন্ধ্যায় বৈরী আবহাওয়ার মধ্যে বিমানের ড্যাশ ৮-কিউ৪০০ উড়োজাহাজটি দুর্ঘটনায় পড়ে। 

বিমানের কর্মকর্তারা জানিয়েছেন, উড়োজাহাজটি বেলা ৩টা ৪৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। মিয়ানমার সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে অবতরণের সময় উড়োজাহাজটি ছিটকে পড়ে। বিমানের ফ্লাইট বিজি ১৬০-এ একটি শিশুসহ ৩৩ জন আরোহী ছিলেন। গুরুতর আহত একজনের পা ভেঙে গেছে। আহতদের ইয়াঙ্গুনের নর্থ ওকলাপা হসপিটালে ভর্তি করা হয়েছে। ড্যাশ-৮ উড়োজাহাজটি ৭৪ জন যাত্রী বহন করতে পারে।

বার্তা সংস্থা এএফপি জানায়, উড়োজাহাজটিতে থাকা যাত্রীদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, কানাডা, চীন, ভারত, ফ্রান্স ও সুইজারল্যান্ডের নাগরিক ছিলেন। ইয়াঙ্গুন বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে দুর্ঘটনায় পড়া বাংলাদেশি উড়োজাহাজটির অগ্রভাগ ও দুটি পাখাই ক্ষতিগ্রস্ত হয়েছে।

উড়োজাহাজটি ছিটকে পড়ে পাইলট আহতের তথ্য নিশ্চিত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোকাব্বির হোসেন। তিনি জানিয়েছেন, যাত্রীরা অক্ষত আছেন। তবে কয়েকজন যাত্রী সামান্য ব্যথা পেয়েছেন। উড়োজাহাজটি নামার সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে। অনেক যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরই ছেড়ে দেওয়া হয়েছে। উড়োজাহাজটির ৫৭ জন যাত্রী নিয়ে ফেরার কথা ছিল।

বিমান কর্র্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানের যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে গতকাল রাত ১১টা ২৫ মিনিটে একটি বিশেষ ফ্লাইট মিয়ানমারের উদ্দেশে যাত্রা করেছে।