রাজধানীর তিন কলেজে এবারও ভর্তি পরীক্ষা

এবারও নিজস্ব নিয়মেই উচ্চ মাধ্যমিকে শিক্ষার্থী ভর্তি করবে রাজধানীর শীর্ষ তিন প্রতিষ্ঠান নটর ডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ কলেজ। কলেজগুলো একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেবে। এরমধ্যে নটর ডেম এবং হলিক্রস একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সরকারিভাবে এসএসসির জিপিএর ভিত্তিতে কলেজে শিক্ষার্থী বাছাই করা হলেও এ তিন প্রতিষ্ঠান আদালতের নির্দেশনায় গত দুই বছরও ভর্তি পরীক্ষা নেয়।

গত ৬ মে এসএসসি ও সমমানের ফল প্রকাশের পর ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হচ্ছে ১২ মে। তিনটি ধাপে প্রায় দুই মাস চলবে এ ভর্তি কার্যক্রম।

হলিক্রস কলেজ গত মঙ্গলবার ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ অনুযায়ী ৯ থেকে ১২ মে পর্যন্ত কলেজ থেকে আবেদন ফরম কিনে ১০ থেকে ১২ মের মধ্যে জমা দিতে হবে। আবেদন ফরমের দাম ২০০ টাকা। ১৭ মে বিজ্ঞান বিভাগ, ১৯ মে ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৬ মে পরীক্ষার ফল প্রকাশের পর ওইদিন এবং পরদিন ২৭ মে ভর্তি হতে হবে।

রাজধানীর নটর ডেম কলেজ কর্র্তৃপক্ষ গত মঙ্গলবার ভর্তির জন্য আবেদন গ্রহণ শুরু করেছে। ১৩ মে রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়া হবে। বিকাশের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে, তবে ১৪ মে দুপুর ১২টা পর্যন্ত। অন্যদিকে রাজধানীর সেন্ট জোসেফ কলেজে আগামী ১৯ মে থেকে ভর্তি আবেদন ফরম বিতরণ শুরু করার কথা। কলেজ কর্র্তৃপক্ষ জানিয়েছে, ফরম বিতরণ চলবে ২৫ মে পর্যন্ত। পরবর্তী এক সপ্তাহের মধ্যে ভর্তি পরীক্ষা ও ফল প্রকাশ করা হবে।