পঞ্চগড় কারাগারে ঢাকা বারের আইনজীবী পলাশ কুমার রায়ের অগ্নিদগ্ধ হওয়া ও পরে হাসপাতালে মৃত্যুর ঘটনায় বিচারিক তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতের আদেশে বলা হয়েছে, পঞ্চগড়ের মুখ্য বিচারিক হাকিমের তত্ত্বাবধানে ম্যাজিস্ট্রেটদের একটি দল ঘটনার বিষয়ে বিচারিক তদন্ত করবে। পঞ্চগড়ের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কারা কর্র্তৃপক্ষ ম্যাজিস্ট্রেটদের সহযোগিতা করবে। তদন্ত শেষে আগামী ৩০ দিনের মধ্যে হাইকোর্টের এই বেঞ্চে প্রতিবেদন দিতে হবে।
কারাগারে বন্দিকে যথাযথ নিরাপত্তা দিতে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, কারা মহাপরিদর্শক, রংপুর বিভাগের কারা উপমহাপরিদর্শক ও পঞ্চগড়ের পুলিশ সুপারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে আগামী ২৩ জুন পরবর্তী শুনানি ও আদেশের জন্য দিন ধার্য করে আদালত।
কারা হেফাজতে আইনজীবী পলাশ কুমার রায়ের মৃত্যুর ঘটনায় বিচারিক তদন্ত চেয়ে গত সোমবার হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইয়্যেদুল হক সুমন। গতকাল রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।