ইরাকে পাঁচ শতাধিক বিদেশি আইএস সদস্য দোষী সাব্যস্ত

ইরাকের বিচারকেরা পাঁচ শতাধিক বিদেশি আইএস সদস্যকে দোষী সাব্যস্ত করেছে। দেশটির সুপ্রিম কোর্টের এক বিবৃতির বরাত দিয়ে এ খবর জানায় আরব নিউজ।

বুধবারের ওই বিবৃতিতে বলা হয়, ৫১৪ জনের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে। যাদের মধ্যে নারী ও পুরুষ রয়েছে। জিজ্ঞাসাবাদে রয়েছে ২০২ জন। ৪৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণের চেষ্টা চলছে। এ ছাড়া ১১ জনকে খালাস করা হয়েছে।

আরও জানানো হয়, আটকদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছে। তবে কোনো দেশের নাম প্রকাশ করা হয়নি।

শুধুমাত্র আইএসের সদস্য বা সন্ত্রাসী কর্মকাণ্ডে যোগ দেওয়ার ভিত্তিতে তাদের ছয় মাস থেকে সর্বোচ্চ এক বছর জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

২০১৭ সালের শেষ দিকে আইএসের বিরুদ্ধে বিজয় ঘোষণা করে ইরাক। তখন থেকে বিদেশি সদস্যদের ধরে বিচারের আওতায় আনা হয়। বিচারে অনেককেই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে আরও দুই ফরাসি নাগরিকের সঙ্গে রয়েছেন ৫৮ বছরের লাচেন আম্মার গুবোজ। বিচারের অপেক্ষায় রয়েছেন আরও ১২ ফরাসি নাগরিক, যাদের ফেব্রুয়ারিতে সিরিয়ায় আটক করা হয়।

এ ছাড়া কয়েকজন বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি জানায়, উত্তর-পূর্ব সিরিয়ায় কুর্দিদের হাতে আটক বিদেশি আইএস সদস্যদের পেতে চায় ইরাক। সেখানে এক হাজারের মতো সন্দেহভাজন বিদেশি রয়েছে। এ ছাড়া ক্যাম্পে নয় হাজারের মতো বিদেশি নারী ও শিশু রয়েছে।

তবে হিউম্যান রাইটস ওয়াচসহ মানবাধিকার সংস্থাগুলো এই বিচারের সমালোচনা করছে। তাদের দাবি, নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায় করা হচ্ছে।

বুধবারের বিবৃতিতে আদালত সব বিদেশি সন্ত্রাসীকে বাগদাদে নিয়ে আসার কথা বলে। কারণ সেখানেই বেশির ভাগ দেশের দূতাবাস রয়েছে। বিচারের সময় সংশ্লিষ্ট দেশের দূতাবাস প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারবে।