বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে প্রতিষ্ঠিত দুর্বৃত্ত বলে অভিহিত করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেছেন, তারেক রহমান একজন প্রতিষ্ঠিত দুর্বৃত্ত যার নেতৃত্বে হাওয়া ভবন ও খোয়াব ভবন পরিচালিত হতো। তাকে ভারপ্রাপ্ত চেয়ারপারসন বানিয়ে বিএনপি দুর্বৃত্ত দলে পরিণত হয়েছে।
বিএনপিকে বাংলাদেশে গণতন্ত্রের জন্য 'বড় হুমকি' হিসেবে উল্লেখ করে হাছান মাহমুদ 'দেশের স্বার্থে ও গণতন্ত্রের স্বার্থে' বিএনপিকে দুর্বৃত্তায়নের চক্র থেকে বের হয়ে আসার আহ্বান জানান ।
বৃহস্পতিবার সকাল বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত পরমাণুবিজ্ঞানী ড. এম.এ.ওয়াজেদ মিয়ার ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
ড. হাছান মাহমুদ বলেন, রাজনীতি যে একটা ব্রত। এটা অনেক রাজনীতিবিদরা ভুলে গেছে। রাজনীতি এখন বণিকায়ন এবং দুর্বৃত্তায়নে ব্রত হয়েছে। রাজনীতিতে বনিকায়ণ ও দুর্বৃত্তায়ন দেশের জন্য অশুভ। কারণ বণিকরা রাজনীতিতে আসলে তারা সব সময় লাভের আশা করবে আর দুর্বৃত্তরা তারা সব সময় দুর্বৃত্ত ছড়ানোর চেষ্টা করবে।
'যার স্বপ্নদ্রষ্টা হলো জিয়াউর রহমান আর তা ষোলোকলায় পূর্ণ রূপ দিয়েছে এরশাদ'।
তিনি উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে বিএনপির দুর্নীতি, তারেক রহমানের দুর্নীতি ,বেগম খালেদা জিয়ার দুর্নীতির সত্য কথা উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তারই প্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই বক্তব্য নাকি গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। কিন্তু আসল কথা হলো গণতন্ত্রের জন্য বাংলাদেশে বড় হুমকি হচ্ছে বিএনপি।
'কারণ তারা গণতন্ত্রকে সব সময় বাধাগ্রস্ত করেছে। তাদের জন্মটাই অগণতান্ত্রিকভাবে হয়েছে। তারপর দুর্বৃত্তদের, মুনাফালোভীদের উচ্ছিষ্ট বিলিয়ে রাজনীতিতে নিয়ে এসে দল গঠন করেছে'।
তথ্যমন্ত্রী মন্তব্য করে বলেন, ২০ দলের ভাঙনের শুরু দেখতে পেলাম এখন ঐক্যফ্রন্ট নিয়ে চলছে নানা ধরনের কথাবার্তা যে ঐক্যফ্রন্ট এখন আর ঐক্য নাই। ধীরে ধীরে অনেকেই ঐক্য ছেড়ে দেওয়া শুরু করেছে।
'জনগণের দল হতে হলে বিএনপির কর্মপন্থা পরিবর্তন করতে হবে। আর সেটা করতে হলে দলের নেতৃত্ব পরিবর্তন করতে হবে, তাহলে তারা জনগণের দল হতে পারবে। বিএনপি জনগণের দল হয়ে উঠুক এটাই আমরা চাই।'
সারাহ বেগম কবরীর সভাপতিত্বে আলোচনা সভায় আর অংশ নেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাড. শামসুল হক টুকু, সংগীতশিল্পী রফিকুল আলম, এইচডি রুবেল, অভিনেত্রী অরুনা বিশ্বাস, অরুন সরকার রানা প্রমুখ।