বিয়ের এক বছর পার হয়ে গেল সোনম কাপুরের। স্বামীর সঙ্গে বিয়েবার্ষিকী উদ্যাপন করলেন এ বলিউড অভিনেত্রী। গত বছর ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম। বিয়ের আগে প্রায় দু'বছর তারা ডেট করেন।
এনডিটিভি জানায়, বিয়ের পর তার মধ্যে কেমন পরিবর্তন এসেছে সংবাদ সংস্থা আইএএনএসকে অনুভূতি ব্যক্ত করেছেন সোনম।
তিনি বলেন, “প্রতিটি মেয়ের মধ্যেই বিয়ের পরে নানা পরিবর্তন আসে আর সেটা খুবই স্বাভাবিক। বিয়ের পরে আমারও ওজন বেড়ে গিয়েছিল। ত্বকও খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল।”
সোনম বলেন, “ভারতে মেয়েদের ওপরে অনেক বেশি চাপ থাকে। কাকে বিয়ে করছেন, তার শিক্ষাগত যোগ্যতা কি, আপনার ত্বক দেখতে কেমন, রোদে যাবেন না তা হলে কালো হয়ে যাবেন, কেন এ ভাবে চুল কেটেছেন, বেশি বাইরে যাবেন না, মদ্যপান করবেন না, এমন হাজারো বিষয় আমাদের ঘিরে ধরে।”
এক লাড়কি কো দেখা তো এয়সা লাগা সিনেমায় সোনম কাপুরকে শেষবার দেখা যায়। সমকামিতা নিয়ে বলিউডের এ সিনেমা বেশ আলোচিত হয়। পরের সিনেমা দ্য জোয়া ফ্যাক্টর, সেখানে তার সঙ্গে থাকবেন মালায়ালাম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা দুলকার সালমান।