আফ্রিদির পাশে শোয়েব আখতার

আত্মজীবনীতে বেশ কয়েকজন সাবেক তারকা ক্রিকেটারকে নিয়ে নেতিবাচক মন্তব্য করায় অনেকের চক্ষুশূল হয়ে উঠেছেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক অধিনায়ক এখন সমালোচনায় জর্জরিত। এমন অবস্থায় ‘বুম বুম’ খ্যাত এই ক্রিকেটারের পাশে এসে দাঁড়িয়েছেন তার এক সময়কার সতীর্থ শোয়েব আখতার।

আফ্রিদি তার আত্মজীবনীতে লিখেছেন করেছেন, খেলোয়াড়ী জীবনে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারের কাছ থেকে ভালো আচরণ পাননি। পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদের ব্যাপারে আফ্রিদি লিখেছেন, মিয়াদাঁদ নাকি তার ব্যাটিং স্টাইল মোটেও পছন্দ করতেন না। ১৯৯৯ সালে চেন্নাই টেস্টের আগে তাকে নাকি নেটেও ব্যাটিং অনুশীলন করতেও দেননি তৎকালীন কোচ মিয়াদাঁদ। বইয়ে ওয়াকার উইনিসেরও সমালোচনা করেছেন আফ্রিদি।

‘স্পিডস্টার’ শোয়েবের মতে, আফ্রিদি তার আত্মজীবনীতে সিনিয়র ক্রিকেটারদের ব্যাপারে মিথ্যা কিছু বলেনি।

“সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে শহীদ আফ্রিদি যে বাজে ব্যবহার পেয়েছে বইটিতে সে এসবের কমই লিখেছে। তার ক্ষেত্রে ঘটে যাওয়া কিছু বিষয় আমি আমার নিজের চোখে দেখেছি। আমি তার লেখা নিয়ে সম্পূর্ণ একমত।”

নিজেও সিনিয়র ক্রিকেটারদের বাজে আচরণের শিকার হয়েছিলেন বলে জানালেন শোয়েব, “অস্ট্রেলিয়া সফরে একদিন চারজন আমাকে ব্যাট দিয়ে আঘাত করার জন্য তেড়ে এসেছিলেন।”