ভারতের লোকসভা নির্বাচনের সময় নাগরিকত্ব নিয়ে বিড়ম্বনার মুখে পড়তে হল না কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে।
তার ভারতীয় নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে যে পিটিশন জমা পড়েছিল, বৃহস্পতিবার তা খারিজ করে দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের একটি বেঞ্চ এ দিন বলেছে, ‘কোনও সংস্থা যদি কোনও ভাবে ওঁকে (রাহুল গান্ধীকে) ব্রিটিশ নাগরিক বলে উল্লেখ করে, তা হলেই কি উনি ব্রিটিশ নাগরিক হয়ে যাবেন?’
দিল্লির দুই বাসিন্দা জয় ভগবান গয়াল ও চন্দ্র প্রকাশ ত্যাগী সুপ্রিম কোর্টে তাদের পিটিশনে জানিয়েছিলেন, একটি ব্রিটিশ সংস্থা তাদের ২০০৫-’০৬ সালের বার্ষিক প্রতিবেদনে রাহুলকে ব্রিটিশ নাগরিক হিসেবে উল্লেখ করেছে।
আবেদনকারীদের আর্জি ছিল, রাহুল সত্যি সত্যিই ব্রিটিশ নাগরিক কি না, হলে তিনি লোকসভা নির্বাচনে দাঁড়াতে পারেন কি না, সুপ্রিম কোর্ট সে ব্যাপারে তদন্ত করতে ও সিদ্ধান্ত নিতে বলুক কেন্দ্রীয় সরকারকে।
কংগ্রেস সভাপতি রাহুল এ বার লোকসভা ভোটে উত্তরপ্রদেশের অমেঠী ও কেরলের ওয়েনাড়ে প্রার্থী হয়েছেন।
বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগের প্রেক্ষিতে তিনি ব্রিটিশ নাগরিক কি না, কেন্দ্র গত মাসেই সে ব্যাপারে রাহুলকে তথ্যপ্রমাণ পেশ করতে বলেছিল।