ভোররাতে সেহরির সময় হলে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের কয়েকটি শহরের আকাশে যুদ্ধবিমান ওড়াবে দেশটির বিমানবাহিনী।
নিজেদের টুইটার অ্যাকাউন্টে তারা এমনটা জানিয়েছে।
তাদের উল্লেখিত শহরগুলো হলো সুরাবায়া, সুরাকার্তা, ক্লাতেন, স্রাগেন ও ইয়োগিয়াকার্তা; খবর দ্য জাকার্তা পোস্টের।
টুইটারে তারা জানায়, আল্লাহ সহায় হলে আমরা সেহরির সময় যুদ্ধবিমান ব্যবহার করে লোকজনকে জাগানোর ঐতিহ্যে অংশ নেব।
পৃথকভাবে বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল সাস এম. ইউরিস জানিয়েছেন, শুধু ঐতিহ্যের কারণেই এটি করা হবে এমন নয়, রোজা রেখে বিমান বাহিনীর সদস্যদের যেন প্রশিক্ষণ নিতে না হয় তা নিশ্চিত করতেই এটি করা হবে।
তিনি জানান, সেহরির সময় নিচু দিয়ে উড়ে যাওয়া যুদ্ধবিমানগুলো একপর্যায়ে আকাশের উঁচুতে উঠে যাবে এবং এ সময় পাইলটরা জেট ইঞ্জিনের গতি বাড়ানোর জন্য অতিরিক্ত বার্নার ব্যবহার করবে, তাতে প্রচণ্ড শব্দ হবে।
মেডিকেল বিশেষজ্ঞদের মতে, রমজানের সময় যুদ্ধবিমানের পাইলটদের ফ্লাই করার সঠিক সময় ভোররাত। সকাল ১০টার পর রোজাদারদের ব্লাড সুগার লেভেল দ্রুত নেমে যেতে থাকায় ওই সময়ের পর প্রশিক্ষণ না করানোর পরামর্শ তাদের।
খবর কম্পাস ডটকম।