বঙ্গবন্ধুকে নিয়ে সিনেমা, ৪০ কোটি টাকার ৪০ ভাগ দেবে ভারত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার এ ছবিটির নির্মাণ সংক্রান্ত চূড়ান্ত বৈঠক করতে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে দিল্লিতে। আজ (৯ মে) তাদের দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে গত ৭মে দিল্লিতে সিনেমা সংক্রান্ত একটি বৈঠকে অংশ নেন দুই দেশের প্রতিনিধিদল। এই বৈঠকে ছবিটির মূল বাজেট ধরা হয়ে ৩৫ কোটি রুপি। বাংলাদেশের হিসাবে প্রায় ৪০ কোটি টাকা। আর এই ব্যয়ের ৬০ ভাগ বহন করবে বাংলাদেশ বাকি ৪০ ভাগ দেবে ভারত।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। বাকি চার সদস্য হলেন তথ্য সচিব আবদুল মালেক, বিএফডিসি’র পরিচালক (প্রডাকশন) নুজহাত ইয়াসমিন, মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র বিভাগ) প্রতাপ চন্দ্র বিশ্বাস ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ডকুফিল্ম ‘হাসিনা: অ্যা ডটারস টেল’-এর নির্মাতা রেজাউর রহমান খান পিপলু।

ভারতের পক্ষে এতে অংশ নেন প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল, দেশটির দূরদর্শন টিভি ও অল ইন্ডিয়া রেডিওর কর্মকর্তারা।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হবে। এই বৈঠক প্রসঙ্গে নির্মাতা শ্যাম বেনেগাল বলেন, ‌‘৭ মে সারা দিন আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে। চলচ্চিত্রটি নির্মাণে প্রচুর গবেষণা দরকার। এরপর বিভিন্ন ভাষা অনুযায়ী ছবিটির চিত্রনাট্য তৈরি হবে।’

এর আগে ১ এপ্রিল ঢাকায় এসেছিলেন ছবিটির পরিচালক ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল। তখন তিনি বাংলাদেশে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) একটি বৈঠকেও অংশ নেন। সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও। এরপর এফডিসি ও গাজীপুরের শফিপুরে বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে গিয়ে সম্ভাব্য লোকেশনও দেখেন।

জানা যায়, এ চলচ্চিত্রটি বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে ২০২১ সালের ১৭ মার্চের মধ্যে মুক্তি পেতে পারে।