মেয়েদের ‘আইপিএলে’ অভিষেক জাহানারার

ভারতে মেয়েদের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ- উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে বৃহস্পতিবার মাঠে নেমেছেন জাহানারা আলম। ভেলোসিটি’র হয়ে এদিন অভিষেক হলো তার। বাংলাদেশ সময় রাত ৮টায় জাহানারার দল ভেলোসিটি মুখোমুখি হয়েছে সুপারনোভাসের।

বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়েছেন জাহানারা আলম।

ভারতে মেয়েদের টি-টোয়েন্টি আসরটিকে এক অর্থে মেয়েদের আইপিএলও বলা চলে। তবে মাত্র দ্বিতীয়বারের মতো হচ্ছে আসরটি। দেশটিতে গতবছর প্রথম মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগ আয়োজিত করেছিল। সেটিও ছোট পরিসরে। এবার তিনটি দল নিয়ে হচ্ছে আসর।

বুধবার নিজেদের প্রথম ম্যাচে জিতেছে জাহানারাদের ভেলোসিটি। তবে সে ম্যাচে মাঠে নামা হয়নি জাহানারা।

জাহানারাদের দলের নেতৃত্বে রয়েছেন ভারতের নারী ক্রিকেটের কিংবদন্তি মিতালি রাজ। বিদেশি কোটায় এদিন জাহানারা ছাড়াও মাঠে নেমেছেন ওয়েস্ট ইন্ডিজের হ্যালি ম্যাথিউস ও ইংল্যান্ডের ড্যানিয়েল ওয়েট।